হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ
পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ
ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও ঝুঁকছেন ক্রেতারা * চার সপ্তাহে ৪০ কোটি ডলারের উৎপাদন ক্ষতি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টানা চার সপ্তাহের শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাকশিল্প। নভেম্বরের প্রথম ১৮ দিনেই বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো শীর্ষ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। মাসিক মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে চলে গেছে, যার সবচেয়ে বড় অংশই বাগিয়ে নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তিনজন কারখানা মালিকের বরাতে প্রতিবেদনে বলা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন বিদেশি ক্রেতারা। ফলে শ্রম অসন্তোষ কমলেও হাতছাড়া হওয়া এসব ক্রয়াদেশ আর দেশে ফিরবে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে খাতসংশ্লিষ্টদের মধ্যে।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় তৈরি পোশাক খাত, যেখানে উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ মানুষের কর্মসংস্থান রয়েছে। এত দিন কম উৎপাদন খরচের সুবিধাকে কাজে লাগিয়ে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসাবে অবস্থান ধরে রেখেছিল বাংলাদেশ। কিন্তু সম্প্রতি মজুরি বৃদ্ধি, তীব্র জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সেই প্রতিযোগিতামূলক সুবিধা সংকুচিত হয়ে এসেছে।
পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, সরবরাহব্যবস্থার ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার কারখানাগুলোতেও বাড়তি ক্রয়াদেশ দিচ্ছেন ক্রেতারা।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানা মালিক রয়টার্সকে জানান, ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা ভেবে তারা প্রকাশ্যে কথা বলতে চান না। তবে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো ব্র্যান্ডগুলোর সরিয়ে নেওয়া ক্রয়াদেশের বড় অংশই ইতোমধ্যে ভারতে চলে গেছে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে অস্বীকৃতি জানায় এবং অন্য তিনটি ব্র্যান্ড কোনো সাড়া দেয়নি।
৪০ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, চার সপ্তাহের এই শ্রম অসন্তোষে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে গত মঙ্গলবার মধ্যরাতে মজুরি বোর্ডে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পরদিন বুধবারও শ্রমিকরা বিক্ষোভ করেন, যাতে ৪০৫টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার থেকে অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎসহ ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা এমনিতেই চাপে ছিলেন। এর মধ্যে ক্রেতারা পণ্যের দাম আরও কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। নতুন করে মজুরি বাড়ায় উৎপাদন খরচ আরও এক দফা বেড়ে গেল।
অন্যদিকে কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলেও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্প খাত।
উদ্যোক্তাদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, চলমান অস্থিরতার রেশ ধরে ভবিষ্যতের ক্রয়াদেশও হাতছাড়া হতে পারে। এর ওপর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে, ফলে অনেক কারখানাকে বাড়তি খরচে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে হচ্ছে।
এম মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য হাতে পাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তার মতে, বাংলাদেশের তুলনায় ভারতের কারখানাগুলো প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার কারখানাগুলো ১৫ দিনের কম সময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম।
টানা অস্থিরতায় ঢাকার আশপাশের কারখানাগুলো ইতোমধ্যে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। ফলে কারখানাগুলোতে কাজের বড় জট তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য বুঝিয়ে দিতে এখন অনেক মালিক অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছেন।
আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মনিরুল আলম বলেন, ১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তারা জানাচ্ছেন, ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত রাখা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে। ক্রেতারা ইতোমধ্যে বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন।
