Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা

একসঙ্গে অংশ নেওয়ার পক্ষে জামায়াত * আপত্তি এনসিপি ও এবি পার্টির * নিবন্ধন স্থগিত থাকায় আমন্ত্রণ পায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ * প্রধানমন্ত্রী সময় দিলেই ১১ জোটের সঙ্গে সংলাপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে যেতে সম্মত থাকলেও নির্বাচন কমিশনের সঙ্গে (ইসি) জোটগতভাবে রাজি হয়নি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। তবে ঐক্যের প্রধান দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ জানান, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সে কারণে জাতীয় সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেও জোটের পক্ষ থেকে একসঙ্গেই অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, বৈঠকের পর এনসিপি এবং এবি পার্টির নেতাদের সঙ্গে কথা বলে দল দুটির ভিন্ন অবস্থানের কথা জানা গেছে। যুগান্তরকে তারা জানিয়েছে, ইসির সঙ্গে সংলাপে তারা দলগতভাবে যাওয়ার পক্ষে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আমরা ১১ দলীয় ঐক্য একসঙ্গেই যেতে চাই। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা জোটগতভাবে নয়, দলগতভাবে অংশ নিচ্ছি। ফলে এখানে একসঙ্গে না গিয়ে যার যার মতো গেলে অসুবিধা নেই।

এদিকে এবি পার্টি এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যেহেতু জোটগতভাবে হচ্ছে না, ফলে তারা ইসিতে এককভাবেই যেতে চায়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে ইসি। আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। ইসির প্রস্তাবিত এই সংলাপ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশগ্রহণ প্রশ্নে শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলার প্রশ্নে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে ১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে অংশ নেবে। জানা গেছে, প্রধানমন্ত্রী সময় ও ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত দিলে সে অনুযায়ী সংলাপের দিনক্ষণ নির্ধারিত হবে।

১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সে কারণে জাতীয় সংলাপ ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেও জোটের পক্ষ থেকে একসঙ্গেই অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনার ক্ষেত্রেও জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেবে না। ১১ দলের সম্মিলিত অবস্থান থেকেই সেখানে অংশ নেওয়া হবে।

তবে বৈঠক শেষে ভিন্ন প্রতিক্রিয়ায় এবি পার্টি জানায়, স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক দলকে পৃথক পৃথকভাবে চিঠি দেওয়া হলেও জামায়াত এককভাবে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। বরং ১১ দলীয় জোটের সব শরিক দলকে একসঙ্গে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য ইসিকে তারা অনুরোধ জানাবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। পাশাপাশি ১১ দলভুক্ত সবাইকে নিজ নিজ দলের পক্ষ থেকে একই অনুরোধ জানানোর পরামর্শ দেয় দলটি। তবে এবি পার্টি এমন প্রস্তাবে আপত্তি জানায়। দলটি মতামত দেয় যে, তারা নির্বাচন কমিশনের আমন্ত্রণ পেয়েছে এবং এর আগেও ইসির আমন্ত্রণের ভিত্তিতে এককভাবে বৈঠকে অংশগ্রহণ করেছে। দলটির নেতাদের মতে, যেহেতু ইতোপূর্বে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় নির্বাচনে কোনো জোট হবে না, তাই এই নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠকে ১১ দলের কেউ এককভাবে অংশ নেবে না-এরকম শর্তের সঙ্গে তারা একমত নয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তাবিত জাতীয় সংলাপের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের বিষয়কে ভিত্তি করেই আলোচনায় অংশ নেবে ১১ দলীয় ঐক্য। জুলাই সনদে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে অঙ্গীকার করা হয়েছিল, রাজনৈতিক দলগুলো বর্তমানে তার বিপরীত পথে হাঁটছে। তিনি বলেন, সরকার যথাযথভাবে দায়িত্ব পালন না করায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়টি জানানো হয়েছে।

নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ইসির সংলাপে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে প্রথম দিন ২৯ নভেম্বর ১৮টি, দ্বিতীয় দিন ১৯টি এবং শেষ দিন আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। তবে ইসির আমন্ত্রণ পায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ইসিতে দলটির নিবন্ধন স্থগিত আছে।

দলগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। এ প্রেক্ষাপটে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন এবং নির্বাচন কমিশনারবৃন্দ সভায় উপস্থিত থাকবেন। মতবিনিময় সভায় দলের দুজন প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুত করা তালিকা অনুযায়ী, প্রথম দিনের সংলাপের জন্য ১৮টি দল অংশ নেবে। এগুলো হচ্ছে-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

দ্বিতীয় দিনে বিএনপি, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি-এই ১৯টি দল সংলাপে অংশ নেবে।

শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দলগুলো হলো-ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

ইসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এটি ছাড়া বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও করবে কমিশন।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা

জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা

হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ

বৃষ্টির অজুহাতে সবজির দাম ফের চড়া বেঁধে দেওয়া মূল্যে মিলছে না ভোজ্যতেল

বেঁধে দেওয়া মূল্যে মিলছে না ভোজ্যতেল

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (২) প্রকল্প আছে সুফল নেই

প্রকল্প আছে সুফল নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম