Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

Icon

ড. সালেহউদ্দিন আহমেদ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মাঝেমধ্যেই ‘ডি-ডলারাইজেশন’ প্রক্রিয়া গতিশীল করার কথা শোনা যায়। আন্তর্জাতিক বাণিজ্য এবং রিজার্ভ গঠনে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার জন্য একটি গ্রহণযোগ্য বিকল্প মুদ্রাব্যবস্থা চালু করার আবশ্যকতা অনেক দিন ধরেই আলোচিত হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলো এ ব্যাপারে বিশেষভাবে আগ্রহী। তারা মনে করে, মার্কিন ডলারের একাধিপত্য খর্ব করা গেলে আন্তর্জাতিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই হ্রাস পাবে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, অস্ত্র বলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব-প্রতিপত্তি ধ্বংস করার চেষ্টার পরিবর্তে ডলারের অবস্থান নষ্ট করা গেলে কাজটি অধিকতর সহজ হবে। যুক্তরাষ্ট্রকে যদি অর্থনৈতিকভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা যায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়বে। যদিও অনেক অর্থনীতিবিদ মনে করেন, বিশ্বব্যাপী মার্কিন ডলারের যে অবস্থান, তা সহসাই খর্ব করা সম্ভব হবে না। ব্রিকস সম্মেলনে একাধিকবার ডলারের বিকল্প মুদ্রা উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। কিন্তু জোটের কোনো কোনো সদস্য দেশ ডলারের বিপরীতে একক মুদ্রা চালুর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করায় বিষয়টি খুব একটা গতি পাচ্ছে না। তবে জোটভুক্ত দেশগুলো বিকল্প ব্যবস্থায় ডলারের প্রভাব কমানোর চেষ্টা করছে। ব্রিকসের কোনো কোনো দেশ স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার ওপর জোর দিচ্ছে। যেমন, চীন ও রাশিয়া তাদের নিজস্ব মুদ্রায় বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্পাদন করছে। পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণাধীন সুইফট পেমেন্ট ব্যবস্থার বাইরে গিয়ে তারা বিকল্প আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে।

বিশ্বে অন্তর্জাতিক মুদ্রা বলে কোনো মুদ্রা নেই; কিন্তু মার্কিন ডলার তার ব্যাপক বিস্তৃতি ও গ্রহণযোগ্যতার কারণে অনেকটা আন্তর্জাতিক মুদ্রার রূপ পরিগ্রহ করেছে। ডলারের আজকের যে অবস্থান, তা একদিনে বা রাতারাতি তৈরি হয়নি। অনেক পথ পেরিয়ে ডলার বিশ্বব্যাপী এতটা প্রভাবশালী মুদ্রা হিসাবে আবির্ভূত হয়েছে। তাই তার অবস্থান দুর্বল করা সহজ হবে বলে মনে হয় না। ব্রিকস জোটের নেতৃত্বদানকারী দেশ রাশিয়া ও চীন মার্কিন ডলারের বিকল্প একক মুদ্রা প্রবর্তনে অত্যন্ত আগ্রহী। কিন্তু ভারতসহ কয়েকটি দেশ এক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি অনুসরণের পক্ষে। তারা মনে করে, রাতারাতি বিকল্প মুদ্রা উদ্ভাবন বা মার্কিন ডলারকে একেবারে বাদ দেওয়া সম্ভব হবে না। তাই তারা অভিন্ন মুদ্রার ঘোষণা না দিয়ে বরং এক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়ার পক্ষে। তারা ডলারের বিকল্প হিসাবে ধাপে ধাপে স্থানীয় মুদ্রায় লেনদেন ও আঞ্চলিক বিকল্প পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার পক্ষে।

মার্কিন ডলারের বিকল্প একক মুদ্রা হিসাবে নিকট অতীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আবিভূত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গৃহীত একক মুদ্রা ইউরো। ২৭টি উন্নত দেশের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কাজেই তাদের উদ্ভাবিত একক মুদ্রা ইউরো সহজেই আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিতে পারবে-এটাই ছিল ধারণা। ইউরো প্রারম্ভিক মুদ্রা হিসাবে আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৯৯ সালের ১ জানুয়ারি। তবে সাধারণ মানুষের লেনদেনের জন্য ইউরো নোট ও মুদ্রা বাজারে আসে ২০০২ সালের ১ জানুয়ারি। সেই সময় ইউরো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকেই মনে করেছিলেন, এবার ডলারের একাধিপত্যের দিন শেষ হতে চলেছে। কারণ ইইউ একটি শক্তিশালী অর্থনৈতিক জোট। বিশ্বব্যাপী এ জোটের প্রভাব রয়েছে। কিন্তু তাদের সেই ধারণা সত্যি বলে প্রতীয়মান হয়নি। ইইউভুক্ত দেশগুলোসহ বিশ্বের অন্য কিছু দেশে ইউরোর মাধ্যমে রিজার্ভ সংরক্ষণ করা হচ্ছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি রিজার্ভ সংরক্ষণ করে চীন। তারাও সিংহভাগ রিজার্ভ মার্কিন ডলারেই সংরক্ষণ করে। চীনের মোট রিজার্ভের পরিমাণ হচ্ছে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। বিশ্বের ১৯০টি দেশের প্রায় সবকটিই কম-বেশি মার্কিন ডলারে রিজার্ভ সংরক্ষণ করে। বর্তমানে বিশ্বের মোট রিজার্ভের ৫৮ থেকে ৬০ শতাংশ রিজার্ভ সংরক্ষতি হয় মার্কিন ডলারে। ইউরোতে রিজার্ভ সংরক্ষণ করা হয় ২০ শতাংশ। জাপানি ইয়েন এবং ব্রিটেনের পাউন্ডে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা হয় যথাক্রমে ৫ দশমিক ৫ শতাংশ ও ৪ দশমিক ৬ শতাংশ। অস্ট্রেলিয়ান ডলারে রিজার্ভ সংরক্ষিত হয় ২ শতাংশ এবং চীনা ইউয়ানে রিজার্ভ সংরক্ষিত হয় ২ শতাংশের মতো।

মার্কিন ডলারের ইতিহাস বেশ চমকপ্রদ। ১৭৯২ সালে কয়েনেজ অ্যাক্টের মাধ্যমে ডলার সরকারি মুদ্রা হিসাবে আত্মপ্রকাশ করে। ডলারের আজকের অবস্থানে আসার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত (১৯১৪-১৮) ব্রিটিশ পাউন্ড ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য মুদ্রা। তখন ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি ছিল ব্যাপক। বলা হতো, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যায় না। এখানে একটি বিষয় লক্ষ করার মতো, কোনো দেশের নিজস্ব মুদ্রার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরির পেছনে দেশটির অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তি বিরাট ভূমিকা পালন করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ক্ষমতা ও প্রতিপত্তি লোপ পেতে থাকে। তার স্থলে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দেশ হিসাবে আবির্ভূত হয়। বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র লন্ডন থেকে নিউইয়র্কে স্থানান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ঠিক পূর্বমুহূর্তে ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে ৪৪টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) এবং বিশ্বব্যাংক গঠন করা হয়। কারণ তারা সেই সময় অনুধাবন করতে পেরেছিলেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ব্যাপক পুনর্বাসন কার্যক্রম শুরু করতে হবে। ব্রেটন উডস সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারকে তারা বাণিজ্যিক লেনদেন ও রিজার্ভ গঠনের প্রধান মুদ্রা হিসাবে গ্রহণ করবে। আরও সিদ্ধান্ত গৃহীত হয়, ডলারকে স্বর্ণের বিপরীতে নির্দিষ্ট মান দেওয়া হবে। ৩৫ মার্কিন ডলারের বিনিময়ে এক আউন্স স্বর্ণ পাওয়া যাবে। সিদ্ধান্ত হয়, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ডলারের বিপরীতে তাদের স্থানীয় মুদ্রার মান নির্ধারণ করবে। মূলত এ ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমেই মার্কিন ডলারের বিস্ময়কর অগ্রযাত্রা শুরু হয়। ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মানি হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় ডলারের বিনিময়ে স্বর্ণ প্রদানের প্রতিশ্রুতি বাতিল করা হয়। এ নিয়ে বিশ্বব্যাপী প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়।

মার্কিন ডলারের আন্তর্জাতিকতা অর্জনে বিশ্বব্যাংক ও আইএমএফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ এ দুটি সংস্থা ঋণদান করে ডলারে। ঋণের কিস্তি আদায়ও করে ডলারে। কাজেই যেসব দেশ আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তাদের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ মার্কিন ডলারে সংরক্ষণ করতে হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীনতার কিছুদিন পর পর্যন্তও ব্রিটিশ পাউন্ড স্টার্লিংকে মূল বৈদেশিক মুদ্রা ও লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩ জানুয়ারি বাংলাদেশের নিজস্ব মুদ্রা হিসাবে টাকা চালু করা হয়। তৎকালীন সরকার ব্রিটিশ পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারণ করে। বাংলাদেশ ব্যাংক ১৯৮৩ সালের ১১ জানুয়ারি ব্রিটিশ পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলারকে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হিসাবে গ্রহণ করে। একইসঙ্গে রিজার্ভ মানি হিসাবে ডলারকে গ্রহণ করা হয়। বাংলাদেশের সার্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভের বৃহৎ অংশ মার্কিন ডলারে থাকলেও ব্রিটিশ পাউন্ড ও অন্যান্য বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের মাধ্যমেও কিছু রিজার্ভ সংরক্ষণ করা হয়।

কোনো দেশের মুদ্রা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে কিনা, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু সামরিক শক্তিতে বলীয়ান হলে অথবা অর্থনৈতিক শক্তি হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলেই দেশটির মুদ্রা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করবে-এমন না-ও হতে পারে। এক্ষেত্রে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে চীন। চীন অর্থনৈতিক ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। জাপান ৪৪ বছর ধরে বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে ছিল। চীন জাপানের সেই অবস্থানকে অতিক্রম করে বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এমনকি চীন পারচেজিং পাওয়ার প্যারেটি (পিপিপি) বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে গেছে। তবে জিডিপির আকারের বিবেচনায় যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের শীর্ষ দেশ। যুক্তরাষ্ট্রের মোট জিডিপির আকার ৩২ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলার; আর চীনের জিডিপির আকার ২০ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের ধারণা, ২০৫০ সালের মধ্যে চীন জিডিপির আকার বিবেচনায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। তবে চীনা মুদ্রা তাই বলে যে আন্তর্জাতিকতা অর্জন করবে তা নয়। জাপান ৪৪ বছর ধরে বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও তার মুদ্রা ইয়েন কিন্তু আন্তর্জাতিকতা অর্জন করতে পারেনি। এর অর্থ হচ্ছে, আন্তর্জাতিক অর্থনীতি বা সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেই একটি দেশের স্থানীয় মুদ্রা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় না।

অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার আগামীতে আরও কিছু সময় তার অবস্থান বজায় রেখে চলতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে তার শ্রেষ্ঠত্ব হারালেও মার্কিন ডলারের অবস্থানের শিগগির কোনো হেরফের হবে না। তবে আগামীতে বিভিন্ন আঞ্চলিক জোটভুক্ত দেশগুলো তাদের নিজস্ব মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম ও আর্থিক লেনদেন বাড়াতে পারে।

ড. সালেহউদ্দিন আহমেদ : অর্থনীতিবিদ, বিগত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা

অনুলিখন : এম এ খালেক

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

নিউইয়র্কের চিঠি তবুও থেমে নেই ট্রাম্পের অভিবাসী বিতাড়ন

তবুও থেমে নেই ট্রাম্পের অভিবাসী বিতাড়ন

ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কেন ধর্মীয় যুদ্ধ নয়

ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কেন ধর্মীয় যুদ্ধ নয়

রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্রকে কী দিই?

রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্রকে কী দিই?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম