ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম কেন ধর্মীয় যুদ্ধ নয়
ড. রামজি বারুদ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নভেম্বরে ফাদার ইসা থালজিয়েহ নামের এক ফিলিস্তিনি খ্রিষ্টান যাজকের মার্কিন ভিসা প্রত্যাখ্যাত হয়। ফিলিস্তিনি হওয়া ছাড়া এর পেছনে আর কোনো কারণ আছে বলে মনে হয় না। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ভিসা প্রত্যাখ্যানের কারণ আমি একজন ফিলিস্তিনি এবং এ পুণ্যভূমিতে বসবাস করি।’
প্রায় একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ওয়ান্টেড যুদ্ধাপরাধী ইয়োভ গ্যালান্টকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র, যিনি নিউইয়র্কে একটি সম্মেলনে অংশ নেন।
এ দুই ঘটনার বৈপরীত্য চোখে পড়ার মতো; কিন্তু একে নিছক ভণ্ডামি বললে এর ভেতরের আরও গভীর স্ববিরোধিতাকে এড়িয়ে যাওয়া হবে-আর তা হলো, মধ্যপ্রাচ্য এবং এখানকার মানুষদের ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা। কয়েক দশক ধরে মার্কিন সরকারের রাজনৈতিক শ্রেণি এবং প্রভাবশালী গণমাধ্যমগুলো মধ্যপ্রাচ্যকে অবিরামভাবে সহিংসতা ও ধর্মীয় ধর্মান্ধতার এক প্রজননক্ষেত্র হিসাবে তুলে ধরছে; যেখানে যুদ্ধ যেন অনন্তকালের বিষয় এবং রক্তপাতকে প্রাচীন ধর্মীয় বিদ্বেষের এক অনিবার্য বহিঃপ্রকাশ হিসাবে দেখানো হয়। এমন উপস্থাপনের পেছনে বেশ কয়েকটি উদ্দেশ্য কাজ করে : এটি মার্কিন সামরিক হস্তক্ষেপ, ধ্বংসাত্মক পররাষ্ট্রনীতি এবং ঔপনিবেশিকতার ভূমিকাকে আড়াল করে; আরব ও মুসলিম ‘ধর্মান্ধতার’ বিপরীতে পশ্চিমা বিশ্বকে সভ্যতার যুক্তিবাদী রক্ষক হিসাবে দাঁড় করায় এবং ইসরাইলকে মধ্যপ্রাচ্যের কথিত ধর্মীয় মৌলবাদীদের চিরস্থায়ী শিকার হিসাবে তুলে ধরে।
ফিলিস্তিনিরা বারবার তাদের জাতীয় সংগ্রামকে ধর্মীয় যুদ্ধ হিসাবে তুলে ধরার অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে; বরং তারা ইসরাইল এবং এর ক্রমশ ধর্মান্ধ হয়ে ওঠা রাজনৈতিক নেতৃত্বের উসকে দেওয়া ধর্মীয় সংঘাতের বিষয়েই সতর্ক করেছে। ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গ্যাভির ও বেজালেল স্মোট্রিচকে প্রায়ই ধর্মীয় উত্তেজনা ছড়ানোর জন্য দোষারোপ করা হলেও সত্য হলো, ইহুদিবাদ তার জন্মের শুরু থেকেই নিজ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বৈধতা দিতে ধর্মীয় দাবি এবং বাইবেলের অধিকারের ওপর নির্ভর করে আসছে।
২০২৩ সালের নভেম্বরে ইসরাইলি সেনাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বার্তা ‘অ্যামালেক তোমাদের সঙ্গে কী করেছিল তা মনে রেখো’-ছিল মূলত এ পূর্বনির্ধারিত দৃষ্টিভঙ্গিরই প্রকাশ। এ দৃষ্টিভঙ্গি ইসরাইলকে ভবিষ্যদ্বাণী পূরণের ক্ষেত্র হিসাবে তুলে ধরে এবং গণহত্যাসহ এর সব কর্মকাণ্ডকে ঐশ্বরিক ইচ্ছার প্রতিফলন হিসাবে দাবি করে। ইসরাইলের পেছনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, ধর্মীয় মৌলবাদীদের এক বিশাল নেটওয়ার্ক দাঁড়িয়ে আছে, যারা এ দৃষ্টিভঙ্গিকে আরও পাকাপোক্ত করে; যেখানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মূলত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি যখন ঘোষণা করেন, ইসরাইল ঈশ্বর প্রদত্ত এক বিশেষ ভূখণ্ড, যা নির্বাচিত এক জাতিকে দেওয়া হয়েছে, তখন অন্তত তিনি নিজের কাছে একটি পুরোপুরি সমর্থনযোগ্য অবস্থানই তুলে ধরছিলেন। সর্বোপরি, এ একই ব্যক্তি একসময় বলেছিলেন, ‘ফিলিস্তিনি বলতে আসলে কিছুই নেই।’
ইসরাইলি চরমপন্থি মোশে ফেইগলিনের কথাতেও একই ধর্মীয় ধর্মান্ধতা স্পষ্ট হয়ে ওঠে, যিনি অক্টোবরে এক সাক্ষাৎকারে যুক্তি দেন, গাজায় শিশুহত্যা নৈতিকভাবে বৈধ। তিনি বলেন, ‘আমি শিশুদের হত্যা দেখতে চাই না, তবে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটিই করা উচিত ছিল।’ এ ধরনের ধর্মান্ধতা ফিলিস্তিনিদের নিজেদের ধর্মীয় পরিচয়ের উপলব্ধি ও ব্যবহারের সম্পূর্ণ বিপরীত। যেহেতু ইসরাইল তার সামরিক বাহিনী ও বসতি থেকে শুরু করে বাইপাস সড়ক এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাসহ অস্তিত্বের প্রায় প্রতিটি দিককেই ‘ইহুদি’ হিসাবে সংজ্ঞায়িত করে, তাই সাধারণ ফিলিস্তিনিরাও বড় পরিসরে ইসরাইলের এ নিজস্ব সংজ্ঞার বিপরীতে শব্দটি ব্যবহার করে আসছে।
ফিলিস্তিনিরা ইহুদি পরিচয়টিকে এ বিষয়টি জোর দিয়ে বোঝাতেও ব্যবহার করে যে, বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। পরিসংখ্যান নিজেই এ ধারণাকে চ্যালেঞ্জ করে যে, ইহুদি পরিচয় মানেই স্বয়ংক্রিয়ভাবে ইসরাইলের যুদ্ধের প্রতি সমর্থন।
২০২৬ সালের মে মাসে ‘জিউয়িশ ভোটার্স রিসোর্স সেন্টারে’র এক জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ মার্কিন ইহুদি উত্তরদাতা গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনার পদ্ধতির বিরোধিতা করেছেন। আর মার্কিন রাজনীতিক ও গণমাধ্যমের অভিজাতরা যখন নবনির্বাচিত মিশিগান সিনেটর আবদুল এল-সায়েদকে দানব হিসাবে প্রমাণের চেষ্টা করছিলেন, তখন এক জরিপে দেখা যায়, সিনেটের দৌড়ে অংশ নেওয়া আগাম ইহুদি ভোটারদের ৬০ শতাংশই তাকে সমর্থন দিয়েছেন।
ফিলিস্তিনি খ্রিষ্টানদের ক্ষেত্রে, ফিলিস্তিনি সমাজে তাদের অবস্থান কখনোই ধর্মীয় পরিচয়ের ওপর নির্ভর করেনি, বরং তা গড়ে উঠেছে অভিন্ন ইতিহাস এবং জাতীয় অন্তর্ভুক্তি থেকে। তারা একটি প্রাচীন ও গভীরভাবে শিকড় গাড়া সম্প্রদায়, যারা ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে এক অভিন্ন সংস্কৃতি, ইতিহাস, জাতীয় পরিচয় এবং রক্তের সম্পর্কও ভাগ করে নেয়।
ঐতিহাসিক ফিলিস্তিনের ধ্বংসস্তূপের ওপর ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই ব্রিটিশ ও জাইওনিস্ট ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একটি বড় সুশীল সমাজ প্ল্যাটফর্ম হিসাবে মুসলিম-খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। ১৯১৮ সালে যাত্রা শুরু করে এটি ফিলিস্তিনের শহরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ১৯১৯ সালে প্রথম ফিলিস্তিনি আরব কংগ্রেস আয়োজনে সহায়তা করে। ইসরাইল সৃষ্টির পর এ প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হলেও ফিলিস্তিনিরা তাদের এক অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় ধরে রাখে, যেখানে নিপীড়নের বিরুদ্ধে এ লড়াইয়ে সবার জন্যই সমান জায়গা ছিল। কিছু ব্যতিক্রম ছাড়া মধ্যপ্রাচ্যকে জন্মগতভাবেই ধর্মান্ধ হিসাবে তুলে ধরার অশুভ চক্রান্ত মূলত পশ্চিমা বিশ্ব থেকেই এসেছে। এর মাধ্যমে পশ্চিমা সরকারগুলো নিজেদের নৈতিক শ্রেষ্ঠত্ব দাবি করে এবং ভিলেনের পরিবর্তে নিজেদের হিরো হিসাবে উপস্থাপন করার সুযোগ পায়।
তবুও এ তথাকথিত ত্রাতারা একজন ফিলিস্তিনি খ্রিষ্টান যাজককে জায়গা দিতে পারেনি, যিনি শান্তি ও সমতার বার্তা দিতে চেয়েছিলেন; যা শেষ পর্যন্ত তাকে জুমের মাধ্যমে দিতে হয়। তার বার্তাটি রাজনৈতিকভাবে বেমানান ছিল ঠিক এ কারণেই যে, এটি সেই দীর্ঘদিনের সতর্কবার্তারই প্রতিধ্বনি ছিল-ইসরাইলের ক্রমবর্ধমান চাপ বেথলেহেম ও পবিত্র ভূমি থেকে খ্রিষ্টানদের বিতাড়িত করছে। অন্যদিকে গাজায় গণহত্যার বড় একটি সময়জুড়ে ইসরাইলি সামরিক অভিযানের তদারকি করা গ্যালান্ট, যুক্তরাষ্ট্রে অবাধে ভ্রমণ করতে এবং আমেরিকান শ্রোতাদের সামনে বিনা বাধায় বক্তব্য রাখতে সক্ষম হন।
যারা মধ্যপ্রাচ্যকে ‘আমরা’ (কথিত স্বাধীনতা ও বৈচিত্র্যের রক্ষক) এবং ‘তারা’ (সহিংস ধর্মীয় ধর্মান্ধ)-এমন সরল বিভাজনের মধ্য দিয়ে দেখতে অভ্যস্ত, তাদের কাছে বিষয়টি বিভ্রান্তিকর মনে হতে পারে; কিন্তু এটি পুরোপুরিভাবে পশ্চিমাদের সেই ধর্মীয় বয়ানেরই চূড়ান্ত পরিণতি। এটি শুধু ফিলিস্তিনিদের এবং সেই সূত্রে আরব ও মুসলমানদের দানব হিসাবে তুলে ধরে না; বরং এটি আমাদের রাজনৈতিক প্রশ্নগুলোর মূল ভিত্তিকেই বিকৃত করে দেয়। এর মাধ্যমে আগ্রাসীকে শিকারে এবং আগ্রাসনকে মুক্তিতে পরিণত করা হয়, যা কিনা ঈশ্বরের নামেই পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়।
এখন সময় এসেছে ধর্মান্ধতা ও বিদ্বেষের এ পর্দা সরিয়ে ফিলিস্তিনিদের নিজেদের কথা শোনার। তাদের সংগ্রাম কোনো ধর্মীয় যুদ্ধ নয়, বরং এটি ন্যায়বিচার, স্বাধীনতা এবং স্থায়ী শান্তির জন্য এক অবিরাম লড়াই; এমন একটি ভিশন-যা ইসরাইল এবং তার সমর্থকরা, যারা এ গল্পের আসল ধর্মান্ধ, বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
মিডল ইস্ট মনিটর থেকে ভাষান্তর : পরম ওয়াজেদ শিকদার
ড. রামজি বারুদ : লেখক, সম্পাদক, দ্য প্যালেস্টাইন ক্রনিকল
