নিউইয়র্কের চিঠি
তবুও থেমে নেই ট্রাম্পের অভিবাসী বিতাড়ন
আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পরও থেমে নেই ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী আটক ও বহিষ্কার অভিযান। বরং আটক ও বহিষ্কার কর্মসূচি বাস্তবায়ন পদ্ধতির কঠোরতা বৃদ্ধি পেয়েছে। ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, আদালত প্রাঙ্গণ থেকে, এমনকি বিমান থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অভিবাসীদের আটক করছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক সপ্তাহ আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, নিউইয়ার্স ডে-সহ সরকারি ছুটির দিনগুলোতেও অভিবাসী আটকাভিযান অব্যাহত থাকবে। গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটরা বিজয়ী হলে অভিবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে বলে আশা করলেও কার্যত তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে এত ক্ষমতা দিয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি তার নির্বাহী ক্ষমতাবলে তার এজেন্ডা বাস্তবায়নে কোনো বাধার সম্মুখীন হন না। অবৈধ অভিবাসী বিতাড়ন অভিযান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এক চুলও সরে আসেননি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘আইস’ চলতি ২০২৬ সালে অতীতের যে কোনো বছরের চেয়ে অধিক অবৈধ অভিবাসী আটক ও বহিষ্কার করেছে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর তারা ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে আটক এবং ৪ লাখ ৮৩ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কার করে পূর্ববর্তী যে কোনো বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের আরও এক মাস বাকি আছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের (২০২১-২০২৪) পুরো চার বছরের মধ্যে শেষ তিন বছরে সর্বমোট ৪ লাখ ৮৬ হাজার অভিবাসী বহিষ্কার করা হয়েছিল। তার মেয়াদের প্রথম বছর ২০২১ সালে বহিষ্কার করা হয়েছিল ৫৯ হাজারের বেশি অভিবাসীকে। ট্রাম্পের মেয়াদের দ্বিতীয় বছর ২০২৬ সালের ১১ মাসেই বহিষ্কৃত অভিবাসী সংখ্যা বাইডেনের প্রথম বছরে বহিষ্কৃতের আটগুণেরও বেশি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনের মতে, ‘আইস’ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বহিষ্কার করার মধ্য দিয়ে আমেরিকা ও আমেরিকানদের নিরাপদ করতে দিনরাত নিরলসভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ‘আইস’কে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে অবাধ ক্ষমতা প্রদান করা হয়েছে এবং ক্ষমতা প্রয়োগ করতে তারা বলপ্রয়োগ করেছে।
‘আইস’ তার অভিবাসীবিরোধী অভিযানে অভিবাসীদের কেবল আটক ও বহিষ্কারই করেনি, তাদের হেফাজতে থাকা অভিবাসীদের ওপর নিপীড়নের কারণে উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর অভিবাসী বহিষ্কার সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার দিন থেকে ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত ৫০০ দিনে ‘আইস’ হেফাজতে ৫২ জন মারা গেছে। এ সময়ে ‘আইস’ হেফাজতে মৃত্যুর হার এর পূর্ববর্তী এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে মৃত্যুহার দ্বিগুণেরও বেশি হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসীবিরোধী অভিযান জোরদার করার ফলে আটককৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের বহিষ্কার করার আগে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং প্রত্যেকের নিজ নিজ দেশে প্রেরণের ব্যবস্থা সম্পন্ন করার আগপর্যন্ত তাদের স্বাস্থ্যসম্মতভাবে আটক রাখার সুযোগ সৃষ্টি করা হয়নি। তাদের যেনতেনভাবে নির্মিত সাময়িক আটককেন্দ্রে রাখার কারণে অভিবাসীদের অনেকে ব্যাধিগ্রস্ত হয়ে এবং খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে মারা গেছে।
বাইডেন প্রশাসনের মেয়াদে ১২ জন আটক অভিবাসী মারা গিয়েছিল বলে জানা যায়। চলতি বছরের জানুয়ারিতে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তবর্তী স্টেটগুলোর স্থায়ী ও সাময়িক আটককেন্দ্রগুলোতে একসঙ্গে ৭১ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গাদাগাদি করে রাখা হয়েছিল। ওইসব আটককেন্দ্রে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা না থাকার অভিযোগ ছাড়াও অভিবাসীদের ওপর দৈহিক নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। আটক নারী অভিবাসীদের অনেকে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে তাদের ওপর যৌন হয়রানির অভিযোগ করেছেন। আর্জেন্টিনার এক ট্রান্সজেন্ডার অভিবাসী স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য মার্শাল প্রজেক্টে’র কাছে অভিযোগ করেছেন যে, ‘আইস’ এজেন্টরা তাকে আটক করার পর ছয় মাসে তাকে ছয়টি আটককেন্দ্রে রেখেছেন। প্রতিটি কেন্দ্রে পরিস্থিতি একই ধরনের ছিল। ‘আইস’ তার সঙ্গে সহিংস আচরণ করেছে, যার মধ্যে যৌন সহিংসতাও ছিল। দ্বিতীয় ট্রাম্প প্রশাসন সাধারণভাবে সব অভিবাসী এবং বিশেষভাবে নারী ও ট্রান্সজেন্ডার অভিবাসীদের বিশেষ অবজ্ঞা ও কড়া নজরদারির লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের অনেকে অভিবাসন অধিকার অ্যাডভোকেসি সংস্থা এবং সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হয়রানি, অপমান, মারধর ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন। প্রশাসন এ অভিযোগগুলো অস্বীকার করলেও ‘আইসে’র অভিযানে অত্যধিক বলপ্রয়োগের দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দেখা যাচ্ছে।
‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসে’র চিকিৎসা প্রতিটি মৃত্যুকে চিকিৎসাসেবার ঘাটতি ও অপর্যাপ্ত খাদ্য সরবরাহের কারণজনিত বলে উল্লেখ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ মৃতদের পরিবারের সদস্য, আইনজীবী এবং সাবেক কারাবন্দি সঙ্গীদের সাক্ষাৎকার নিয়ে ‘আইস’ হেফাজতে মৃত্যুকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে নাগরিক অথবা অনাগরিক নির্বিশেষে সব মানুষের জীবন ও সম্মান রক্ষার অধিকারকে যে কোনো রাষ্ট্রের ওপর বাধ্যতামূলক করা হয়েছে। যখন কোনো সরকার কোনো ব্যক্তিকে আটক করে, তখন তার অধিকার রক্ষার জন্য সরকারের ওপর একটি বর্ধিত বাধ্যবাধকতা আরোপিত হয় এবং এ বাধ্যবাধকতার অংশ হচ্ছে, আটক ব্যক্তিকে অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও অন্যান্য নিরাপত্তা প্রদান করতে হবে। রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে সরকারের উচিত মৃতের পরিবারকে সংশ্লিষ্ট সব তথ্য প্রদান করা, যার মধ্যে মেডিকেল রিপোর্ট এবং মৃত্যু সম্পর্কিত তদন্তও অন্তর্ভুক্ত। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসী আটক করার পর আটক ব্যক্তিদের ক্ষেত্রে এসব আইনের কোনো তোয়াক্কা করেনি। ‘আইসে’র বিধিমালা অনুসারেও তাদের হেফাজতে থাকা কোনো ব্যক্তির মৃত্যুর খবর ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে প্রকাশ এবং ৩০ দিনের মধ্যে মৃত্যু সম্পর্কিত তথ্য ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জনসমক্ষে পেশ করা বাধ্যতামূলক। কিন্তু তারাও মৃত্যুসংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয় ব্যর্থতার পরিচয় দিয়েছে, অথবা বিষয়টি আদৌ গ্রাহ্য করেনি।
‘আইসে’র হেফাজতে শুধু যে মৃত্যুর ঘটনাই ঘটেছে বা ঘটছে তা নয়, অভিবাসী আটক অভিযানে অভিবাসনবিষয়ক এ আইন প্রয়োগকারী সংস্থাটির সদস্যদের অতিরিক্ত বলপ্রয়োগে নিহত হওয়ার ঘটনাও ঘটছে, যে ঘটনাগুলোকে মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। সিবিএস নিউজের এক পর্যালোচনায় দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ‘আইস’ এজেন্টরা অবৈধ অভিবাসী আটক করার অভিযানে ৩০ দফা গুলিবর্ষণ করেছে এবং এসব ঘটনায় ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অবশ্য গুলিবর্ষণ ও হতাহতের ঘটনাগুলোর ওপর সাফাই গেয়েছে যে, ‘আইস’ এজেন্ট যাদের ওপর গুলি চালিয়েছে, তাদের অনেকে তাদের যানবাহনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। তাদের সাফাই অধিকার সংগঠনগুলোর কাছে গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় ‘আইস’ আরও বিতর্কিত হয়েছে। কারণ, হতাহতদের অধিকাংশই ‘আইসে’র সন্দেহভাজন অবৈধ অভিবাসী ছিলেন না, যাদের আটক করার জন্য তারা সন্ধান করছিল। উদ্ভূত পরিস্থিতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত মাসে ‘আইস’ এজেন্টদের ওপর জারি করা নতুন নির্দেশনায় তাদের তালিকাভুক্ত কোনো অবৈধ অভিবাসী গাড়িযোগে পালানোর চেষ্টা করলে ধাওয়া না করতে এবং গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পরিবর্তে গাড়ির পথ থেকে সরে যেতে বলেছে।
উল্লেখ্য, অভিবাসীদের ওপর নিষ্ঠুর ও সহিংস আচরণ ‘আইসে’র কার্যক্রমের বৈশিষ্ট্য হলেও কোনো হত্যা বা বাড়াবাড়িমূলক আচরণের জন্য কখনো কোনো ‘আইস’ এজেন্টকে দায়ী করা হয়নি। অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের এই যুদ্ধে ‘আইস’ এজেন্টরা দায়মুক্তি নিয়ে তাদের কাজ পরিচালনা করে অভিবাসীদের আতঙ্ক আরও বাড়িয়ে চলেছে। ট্রাম্প তার প্রশাসনকে দানবীয়করণ এবং অভিবাসীদের বিরুদ্ধে অপবাদমূলক প্রচারণা চালিয়ে এর পটভূমি তৈরি করেছেন, যার খেসারত শুধু অবৈধ অভিবাসীদের নয়, বৈধ অভিবাসীদেরও দিতে হচ্ছে।
আনোয়ার হোসেইন মঞ্জু : সিনিয়র সাংবাদিক
