ইউরোপের বাজার ধরতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা কসোভোতে রপ্তানির সম্ভাবনা উঠে আসে। পাশাপাশি কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ উদ্যোগ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। কৃষি ও সেবা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

