|
ফলো করুন |
|
|---|---|
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
এর আগে গতকাল ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ৩৪ হাজার ৬৯০ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমার কারণ—বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয় ৩ হাজার ৫৭০ ডলার। স্বর্ণের এই দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অর্থাৎ ১৪ মাসে স্বর্ণের দাম কখনোই এতটা কম ছিল না।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে স্বর্ণ ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
অবশ্য প্রতি আউন্স স্বর্ণের দাম যে হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমেছে, তা নয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।
