Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

স্বর্ণের দাম কেন দ্রুত কমছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

স্বর্ণের দাম কেন দ্রুত কমছে

ফাইল ছবি।

Advertisement

স্বর্ণের দাম টানা কমছে। দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমার কারণ—বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয় ৩ হাজার ৫৭০ ডলার। স্বর্ণের এই দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অর্থাৎ ১৪ মাসে স্বর্ণের দাম কখনোই এতটা কম ছিল না।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে স্বর্ণ ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

অবশ্য প্রতি আউন্স স্বর্ণের দাম যে হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমেছে, তা নয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি আর ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এই প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে স্বর্ণর দাম কমছে।

দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। তার মধ্যে আটবার কমেছে; তিনবার বেড়েছে। গতকাল স্বর্ণের দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা। রুপার দামও কমেছে ভরিতে ৩৫০ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

দেশের স্বাধীনতাযুদ্ধের সময় স্বর্ণের ভরি ছিল ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম বেড়েছিল ১ হাজার ৬৮২ গুণ। তখন দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা।

বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে সেটি বেড়ে দ্বিগুণ হয়। ২০১০ সালে স্বর্ণের দাম বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও তার পরের পাঁচ বছরে ভরিতে ২৬ হাজার ৮৫২ টাকা বেড়ে যায়।

করোনার পর স্বর্ণের দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই স্বর্ণের ভরি এক লাখ টাকায় ওঠে। গত বছরের অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। তারপর গত জানুয়ারিতে তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। স্বর্ণের এই উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব সৃষ্টি হয়। তবে দাম কমতে থাকায় জুয়েলারি ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, ব্যবসা ঘুরে দাঁড়াবে।

জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বিশ্ববাজারে অনেক দিন ধরে স্বর্ণের দাম অতি মূল্যায়িত। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত স্বর্ণের দাম সংশোধন হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস কিছুটা নষ্ট হয়েছে, সেহেতু দাম আবার বাড়তে সময় নেবে।

অপর এক প্রশ্নের জবাবে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, সামনে বিয়েশাদির মৌসুম। অনেক দিন ধরেই স্বর্ণের দাম বেশি ছিল। এখন দাম কমে আসায় স্বর্ণের অলংকার বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

স্বর্ণের দাম কেন দ্রুত কমছে

স্বর্ণের দাম কেন দ্রুত কমছে

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

দেশে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম