Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

সংগৃহীত

Advertisement

দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ভরিপ্রতি দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। সেই সর্বোচ্চ দরের তুলনায় এখন দাম প্রায় ৩২ শতাংশ কম। স্বর্ণের দাম কেন কমছে, আরও কমবে কি না এবং কেনার এটাই সুযোগ কি না, এসব প্রশ্ন এখন স্বর্ণের মালিক ও সম্ভাব্য ক্রেতাদের মনে ঘুরছে।

এ প্রশ্নের উত্তর পেতে হলে বুঝতে হবে, দাম কেন কমছে এবং গত কয়েক বছরে কেন তা এত বেড়েছিল। দেশের বাজারে ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের ওপরেই বিক্রি হচ্ছিল। শেষ পর্যন্ত গত দুই সপ্তাহে নয় দফায় ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমে এক বছর পর দাম ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ দফায় একদিনের ব্যবধানে কমেছে ৬ হাজার ১৮২ টাকা। এর আগের দিন ভরি ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। বাজুস জানিয়েছে, নতুন দর আজ রোববার থেকে কার্যকর।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

কেন মানুষ স্বর্ণ কেনে, সেটা বুঝলে দামের এই ওঠানামা বোঝা সহজ হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে বিশ্বে বছরে গড়ে প্রায় ৩ হাজার ২০০ টনের মতো স্বর্ণের চাহিদা থাকে। এর ৪৩ শতাংশ বিনিয়োগ, ২৭ শতাংশ গয়না, ২১ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা এবং ৮ শতাংশ প্রযুক্তি খাতে ব্যবহার হয়। বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনা মূলত অন্য বিনিয়োগের ঝুঁকি সামাল দেওয়ার উপায়। সরকারি বন্ড বা কোম্পানির শেয়ারের মতো স্বর্ণ সরাসরি কোনো আয় দেয় না। এর আসল মূল্য হলো মূল্য সংরক্ষণের ক্ষমতা।

একটি উদাহরণ দেওয়া যায়। মূল্যস্ফীতির কারণে আজ ১০০ টাকায় যা কেনা যায়, এক বছর পর সেটা কিনতে হয়তো ১০৫ টাকা লাগে। কিন্তু ১০০ টাকার স্বর্ণ কিনে রাখলে এক বছর পর তার দাম সাধারণত ১০৫ টাকা বা তার বেশি হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ১৯৭১ সালের পর থেকে তথ্য বলছে, স্বর্ণের দাম যুক্তরাষ্ট্র ও বিশ্বের ভোক্তা মূল্যসূচককে ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতি যত বেশি, স্বর্ণের রিটার্নও তত ভালো। তাই উচ্চ মূল্যস্ফীতি ও অনিশ্চয়তার সময় মানুষ স্বর্ণের দিকে ঝোঁকে।

প্রশ্ন হলো, বিশ্বে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতি বাড়ার সময়ই স্বর্ণের দাম কমছে কেন? সিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ এরিক নরল্যান্ডের মতে, মূল কারণ সুদের হার কমার প্রত্যাশা বদলে বাড়ার প্রত্যাশায় রূপ নেওয়া। তিনি বলছেন, কেভিন ওয়ার্শ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নতুন প্রধান হচ্ছেন, এমন খবর আসার পর থেকেই স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম নড়বড়ে হতে শুরু করে। তার আগে সবাই ধরে নিয়েছিল, মূল্যস্ফীতি বাড়তেই থাকবে এবং ফেড তা ঠেকাতে কিছু করবে না। কিন্তু ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পক্ষের নীতিনির্ধারক হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী এবং সুদের হার বাড়ানোর সমালোচক হওয়া সত্ত্বেও তাঁর নেতৃত্বে ফেড সুদের হার বাড়ানোর পথে হাঁটছে। নরল্যান্ডের ভাষ্য অনুযায়ী, ওয়ার্শের ফেড জুনে নীতিগত শিথিলতার ঝোঁক বন্ধ করেছে এবং সেপ্টেম্বরে সুদের হার বাড়িয়েছে। সামনে আরও সুদ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে। বাজারের ধারণা, আগামী ১২ থেকে ২৪ মাসে ফেড আরও প্রায় এক শতাংশ পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়াতে পারে।

সুদের হার বাড়লে স্বর্ণের বিকল্প বিনিয়োগ আকর্ষণীয় হয়, ফলে স্বর্ণের আকর্ষণ কমে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, এমন প্রত্যাশাও স্বর্ণের দামকে টেনে নামিয়েছে। শুধু ফেড নয়, জাপানের কেন্দ্রীয় ব্যাংক ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ বড় অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোও সুদের হার বাড়াচ্ছে।

এখন প্রশ্ন, দাম কি আরও কমতে পারে? গত কয়েক বছরে স্বর্ণের দাম বাড়ার পেছনে চারটি কারণ ছিল। প্রথমত, বড় অর্থনীতির দেশগুলোর সরকারের বিপুল ঋণ, যা মূল্যস্ফীতি বাড়ায়। দ্বিতীয়ত, বেশির ভাগ দেশেই মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে থাকা। তৃতীয়ত, ভূরাজনৈতিক অস্থিরতা। অনিশ্চয়তার সময় স্বর্ণ সাধারণত অন্য বিনিয়োগের চেয়ে ভালো করে। চতুর্থত, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা। ২০০৮ সালের আর্থিক সংকটের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের নিট ক্রেতা। দাম কিছুটা কমায় এ ধারা আবার জোরদার হতে পারে।

সুদের হার বাড়তে থাকলে ২০২৬ সালের মতোই স্বর্ণের দামে চাপ থাকবে। তবে সরকারের বেপরোয়া ঋণ, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটার মতো অন্য কারণগুলো এখনো কার্যকর। এসব কারণের পারস্পরিক প্রভাবই ঠিক করবে স্বর্ণের দাম কোন দিকে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমল ৬৭ হাজার রুপি

যে কারণে স্বর্ণের বাজারে বড় পতন

যে কারণে স্বর্ণের বাজারে বড় পতন

১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস

দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

দেশে বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

আরও পড়ুন

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

২ সপ্তাহে কমল ৩৪ হাজার টাকা, স্বর্ণের দাম কি আরও কমবে?

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২২ নভেম্বর ২০২৬

কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি

কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি

আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাব কোন নথি লাগবে

আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাব কোন নথি লাগবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম