২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্বর্ণের দামের রেকর্ড উত্থানের পালা শেষ হয়েছে। জানুয়ারির সর্বোচ্চ দাম থেকে এখন প্রায় ৩৭ শতাংশ কমে গেছে। ২০ নভেম্বর দাম নেমেছিল এক বছরের বেশি সময়ের সবচেয়ে নিচে। এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও সেই ধারা টেকেনি।
বুধবার ২৫ নভেম্বর গ্রিনিচ সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট গোল্ড ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৩ হাজার ৫৪৪.৫৪ ডলার। আগের দিন মঙ্গলবার দাম কমেছিল ২ শতাংশের বেশি। সেদিন দিনের সর্বনিম্ন দাম ছিল ৩ হাজার ৫৫২.৪৬ ডলার। দিন শেষে দাম থিতু হয় ৩ হাজার ৫৫৫.৮২ ডলারে।
সোমবার অবশ্য দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে মঙ্গলবার সেই লাভের বড় অংশ হারিয়ে যায়। এক দিনেই দাম এভাবে ওঠানামা করায় বাজারে অস্থিরতা স্পষ্ট।
রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে স্বর্ণের দাম ছুঁয়েছিল রেকর্ড ৫ হাজার ৫৯৪.৮২ ডলার। বুধবারের দাম সেই চূড়া থেকে প্রায় ৩৬.৬ শতাংশ কম। এখন বিনিয়োগকারীদের প্রশ্ন, এটা কেনার সুযোগ, নাকি দাম আরও কমবে।
দাম কমার পেছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ ফেডারেল রিজার্ভের অবস্থান। মূল্যস্ফীতি নিয়ে ফেডের কর্মকর্তারা কড়া বার্তা দিচ্ছেন। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি এখনো কঠোর নীতির দিকেই ইঙ্গিত করছে। সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ০.২৫ শতাংশ বাড়ার সম্ভাবনা এখন ৯৬.৪ শতাংশ। ০.৫০ শতাংশ বাড়ার সম্ভাবনা ৩.৬ শতাংশ। ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার তো পুরো আধা শতাংশ বাড়ানোর পক্ষে কথা বলেছেন।
দ্বিতীয় কারণ সুদের হার ও স্বর্ণের খরচ। স্বর্ণ কোনো সুদ দেয় না। সুদের হার বাড়লে সুদ পাওয়া সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ে। তখন স্বর্ণ ধরে রাখার খরচও বেড়ে যায়।
তৃতীয় কারণ শেয়ারবাজারের চাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট শেয়ারের দরপতনে বিনিয়োগকারীরা লোকসানে পড়েছেন। মার্জিনের চাপ সামলাতে তাঁরা স্বর্ণ ও রুপা বিক্রি করছেন। ফোরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজ্জাকজাদা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো কড়া অবস্থানে থাকায় স্বর্ণ অর্থবহ সমর্থন পাচ্ছে না।
চতুর্থ কারণ যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থা প্রায় দুই বছরের সর্বোচ্চে উঠেছে। অর্থনীতি যে মজবুত, এতে তা বোঝা যায়। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ কমেছে। মঙ্গলবার ডলার কিছুটা দুর্বল ছিল। তবু স্বর্ণের দাম কমেছে। এতে বোঝা যায়, বিক্রির চাপ কতটা তীব্র।
বাজারের নজর এখন বুধবারের মার্কিন পিসিই মূল্যসূচকে। এই সূচক গ্রিনিচ সময় দুপুর ১টা ৩০ মিনিটে প্রকাশ হওয়ার কথা। ফেড এই সূচক দেখেই মূল্যস্ফীতির গতি বোঝে। তথ্য ভালো এলে ২০২৭ সালেও সুদ বাড়ার আশঙ্কা জোরালো হবে। ডিসেম্বরের বৃদ্ধি তো বাজার আগেই ধরে নিয়েছে।
এত পতনের পরও স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বড় ব্যাংকগুলো। গোল্ডম্যান স্যাক্স ২০২৭ সালের শেষের জন্য পূর্বাভাস কমিয়েছে। আগে ছিল প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলার। এখন করেছে ৪ হাজার ৬৫০ ডলার। জেপি মরগান আশা করছে, ২০২৭ সালের শেষে দাম ঘুরে দাঁড়িয়ে ৪ হাজার ৫০০ ডলারে উঠবে। কমার্সব্যাংকের পূর্বাভাস ৪ হাজার ১০০ ডলার।
গোল্ডম্যানের অর্থনীতিবিদেরা মনে করেন, ফেড ২০২৬ সালের ডিসেম্বরে সুদ ০.২৫ শতাংশ বাড়াবে। ২০২৭ সালের মার্চে আরেক দফা বাড়াবে। এতে স্বল্প মেয়াদে ব্যক্তিগত বিনিয়োগকারীদের চাহিদা কমবে। তাদের ধারণা, ২০২৭ সালের ডিসেম্বরে ফেড সুদ কমানো শুরু করলে এই চাহিদা আবার বাড়বে। গোল্ডম্যানের দীর্ঘ মেয়াদের পূর্বাভাসে কেন্দ্রীয় ব্যাংকের কেনাও বড় ভূমিকা রাখছে। এর মধ্যে আছে চীনের কেন্দ্রীয় ব্যাংকের কেনা।
কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনেই চলেছে। বিশ্ব স্বর্ণ পরিষদের হিসাবে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৬৭৫ টন স্বর্ণ। গত বছরের একই সময়ের চেয়ে এটি ৬ শতাংশ বেশি। শুধু তৃতীয় প্রান্তিকেই কেনা হয়েছে ৩২১ টন। বছরের ব্যবধানে এটি ৪২ শতাংশ বেশি।
বিনিয়োগ চাহিদার ছবি মিশ্র। তৃতীয় প্রান্তিকে স্বর্ণ-সমর্থিত বিনিয়োগ তহবিলে (ইটিএফ) এসেছে ২১১ টনের নতুন বিনিয়োগ। এতে মোট মজুত পৌঁছেছে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে। কিন্তু বার ও মুদ্রার চাহিদা কমেছে। বছরের ব্যবধানে তা ১৯ শতাংশ কমে হয়েছে ২৬৮ টন। তবে সাম্প্রতিক সময়ে ইটিএফ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে বলেও খবর আছে। এতে দাম কমার পর কম দামে কেনার চাহিদা টেকে কি না, সেই প্রশ্ন উঠেছে।
পতনের সময় কম দামে কেনার প্রবণতাও দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনে স্বর্ণের বাস্তব চাহিদা বেড়েছে। দাম কমায় ক্রেতারা বাজারে এসেছেন।
তাহলে এটি কি কেনার সুযোগ? স্বর্ণ এখন বছরের শুরুর চেয়ে অনেক সস্তা। ব্যাংকগুলোর পূর্বাভাসও ২০২৭ সালের শেষ নাগাদ দাম ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। কেন্দ্রীয় ব্যাংকের কেনা অব্যাহত থাকলে এবং ব্যক্তিগত বিনিয়োগ আবার বাড়লে সময়ের সঙ্গে দামে সমর্থন মিলতে পারে।
তবে দাম কমলেই স্বর্ণ সস্তা হয়ে যায় না। স্বল্প মেয়াদের চিত্র এখনো অনিশ্চিত। সুদের হার আরও বাড়লে ডলার ও বন্ডের আয় চড়া থাকবে। তখন স্বর্ণের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। শেয়ারবাজারে চাপ থাকলে নগদ জোগাড়ের জন্য বিক্রি চলতে থাকবে। এতে দামের ওঠানামাও বাড়বে।
স্বর্ণয় বিনিয়োগের কথা ভাবলে নিজের সময়সীমা ঠিক করা দরকার। পোর্টফোলিওতে স্বর্ণের ভূমিকা কী হবে, সেটাও ভাবতে হবে। পুরো টাকা একবারে না লাগিয়ে ধাপে ধাপে কেনা যায়। এতে বিভিন্ন দামে কেনা সম্ভব হয়। সিদ্ধান্ত নির্ভর করবে আপনি স্বল্প মেয়াদে মুনাফা চান, নাকি দীর্ঘ মেয়াদে পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে চান, তার ওপর।
সূত্র- ইকনমিক টাইমস
