Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!

ছবি: সংগৃহীত

Advertisement

মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— হলিউডের শক্তিমান অভিনেতা টম ক্রুজ ও ব্র্যাড পিট একটি ছাদের ওপর একে অপরের সঙ্গে লড়াই করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেন সিনেমাবোদ্ধারা। 

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে অস্বস্তি এতদিন ধরে জমছিল, সেটি এবার যেন হঠাৎ করেই বিস্ফোরিত হলো। শুধু সিনেমাপ্রেমী দর্শককেই চমকে দেয়নি, বরং পুরো চলচ্চিত্রশিল্পে নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে। কারণ এ ভিডিওটি বাস্তব নয়, এটি তৈরি হয়েছে এআই দিয়ে। আর তা এমনভাবে নিখুঁত করা হয়েছে, তা বোঝার কোনো উপায় নেই। 

এ বিতর্ক নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো— প্রযুক্তির গতি। কয়েক বছর আগেও এআই ভিডিওগুলো কৃত্রিম বা হাস্যকর লাগত, কিন্তু এখনকার ফল এতটাই বাস্তব যে অনেকেই বুঝতেই পারছেন না— কোনটি আসল আর কোনটি নকল বা কৃত্রিম। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মাত্র ছয় মাস আগের মডেলগুলোর সঙ্গে বর্তমান এআই-এর মান তুলনাই করা যায় না।

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হলিউডের বড় বড় বিভিন্ন সংগঠন। মোশন পিকচার অ্যাসোসিয়েশন বাইটড্যান্সের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে— অনুমতি ছাড়া তারকাদের চেহারা ও কনটেন্ট ব্যবহার করা যুক্তরাষ্ট্রের সৃজনশীল শিল্পের জন্য বড় হুমকি। 

একইভাবে অভিযোগ করেছে অভিনেতাদের ইউনিয়ন স্যাগ–আফট্রা। সংগঠনটি কঠোর বিবৃতি দিয়ে বলেছে—তারকাদের কণ্ঠ ও চেহারা বিনা অনুমতিতে ব্যবহার করা নৈতিকতা এবং সম্মতির মৌলিক নিয়ম ভেঙে দিচ্ছে।

হলিউড কি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? একদিকে তরুণ নির্মাতারা কম খরচে বড় স্বপ্ন দেখার সুযোগ পাবে। আরেক দিকে বড় স্টুডিওর ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। হয়তো ভবিষ্যতে ‘নতুন ক্রিস্টোফার নোলানরা’ আর বড় স্টুডিওর দরজায় কড়া নাড়বেন না। বরং নিজেদের ঘরে বসেই সিনেমা বানিয়ে ফেলবেন।

এ পরিবর্তনকে কেউ দেখছেন বিপ্লব হিসেবে, আবার কেউ দেখছেন ধ্বংসের শুরু। কিন্তু এতটুকু স্পষ্ট—এআই এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়; এটি সরাসরি সৃজনশীল জগতের ভেতরে প্রবেশ করেছে। আর সেই প্রবেশের অভিঘাত থেকে হলিউডকে সহজে বেরিয়ে আসতে হবে বলে মনে হচ্ছে না।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন আইরিশ নির্মাতা রুয়াইরি রবিনসন। তিনি বলেন, এটি তৈরি হয়েছে সিড্যান্স ২.০ নামের একটি এআই মডেলের মাধ্যমে, যার মালিক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্স। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ প্রথমবারের মতো উপলব্ধি করেন—এআই কত দ্রুত বাস্তবের মতো ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম হয়ে উঠেছে।

এ ভিডিও ক্লিপ দেখে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া আসে চিত্রনাট্যকার রেট রিজের  কাছ থেকে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর এ সহ-লেখক বলেন, সম্ভবত আমাদের জন্য খেলা শেষ হয়ে যাচ্ছে। তার আশঙ্কা, খুব অল্প সময়ের মধ্যে একজন মানুষ নিজের কম্পিউটার থেকে বসেই এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে পারবেন, যা বর্তমান হলিউডের নির্মাণশৈলীর সঙ্গে পার্থক্য করা যাবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম