Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কিংবদন্তি অভিনেতা সোহেল রানার জন্মদিন আজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

কিংবদন্তি অভিনেতা সোহেল রানার জন্মদিন আজ

সোহেল রানা। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা হিসেবে চলচ্চিত্রপাড়ায় পরিচিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) জীবনের ৭৯টি বসন্ত পেরিয়ে ৮০ বছরে পদার্পণ করেন তিনি।

১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন সোহেল রানা। সিনেমার বাইরেও তার আরও একটি পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

জন্মদিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেন সোহেল রানা। তিনি লেখেন, ‘মহান আল্লাহর অসীম রহমতে এবং দেশ-বিদেশে আমার বন্ধু-বান্ধব, ভক্ত সবার দোয়ায় আমি আজ ৭৯ পেরিয়ে আশিতে পদার্পণ করলাম।

আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আপনাদের দোয়ায় আমাকে স্মরণে রাখবেন এটুকুই আমার বিনীত আশা। শুভেচ্ছা এবং দোয়া দেশ-বিদেশের সবার প্রতি। মঙ্গল হোক আমার দেশ আমার জাতির।’

কিংবদন্তি এই অভিনেতার পৈতৃক নিবাস বরিশাল জেলায়। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬১ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্র অবস্থায় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এই অভিনেতা।

স্বাধীনতার পর তিনি যুক্ত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে। প্রযোজক ও পরিচালক হিসেবে নিজের নাম মাসুদ পারভেজ ব্যবহার করলেও অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নামে।

প্রযোজক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন ‘পারভেজ ফিল্মস’। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই চাষী নজরুল ইসলামের পরিচালনায় নির্মিত হয় বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু। ১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এ অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লালু ভুলু’, ‘অজান্তে’ ও ‘সাহসী মানুষ চাই’।

অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে দুইবার শ্রেষ্ঠ অভিনেতা এবং একবার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া আজীবন সম্মাননাসহ জীবনে অসংখ্য পুরস্কার ভূষিত হয়েছেন রুপালি পর্দার জীবন্ত এই কিংবদন্তি। বর্তমানে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম