Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আটকে গেল ফিলিস্তিনি অভিনেতার অস্কার সফর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আটকে গেল ফিলিস্তিনি অভিনেতার অস্কার সফর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন অস্কারে মনোনয়ন পাওয়া একটি সিনেমায় অভিনয় করেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

মালহিস অভিনীত চলচ্চিত্র দ্য ভয়েস অব হিন্দ রজব এবারের ৯৮তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হারিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন মালহিস। 

সেখানে তিনি জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো একটি বড় আয়োজনে অংশ নিতে না পারায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

২০২৪ সালে গাজায় ইসরাইলি হামলায় নিহত পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি বিপদের মধ্যে থাকা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এ বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে এ অভিনেতার ভিসা–সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, বাস্তব ঘটনার ওপর নির্মিত দ্য ভয়েস অব হিন্দ রজব চলচ্চিত্রটি ২০২৪ সালে গাজায় সংঘটিত এক হামলার প্রেক্ষাপট তুলে ধরেছে। ওই হামলায় শিশু হিন্দ রজব, তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধারে যাওয়া দুই অ্যাম্বুলেন্সকর্মী নিহত হন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম