Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হ্যারি পটারে অভিনয়ের সুযোগ পাওয়া অভিনেতাকে প্রাণনাশের হুমকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

হ্যারি পটারে অভিনয়ের সুযোগ পাওয়া অভিনেতাকে প্রাণনাশের হুমকি

ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু ও অ্যালান রিকম্যান।

Advertisement

এইচবিও’র বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজে আইকনিক চরিত্র ‘সেভেরাস স্নেপ’-এ সুযোগ পাওয়ার পর থেকেই ব্যাপক বর্ণবাদী আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু। গত ২১ মার্চ ‘দ্য টাইমস অব লন্ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

৩৫ বছর বয়সি এই শেকসপিয়ারিয়ান অভিনেতা জানান, কাস্টিংয়ের খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে চরম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, ইনস্টাগ্রাম খুললেই আমি দেখি কেউ লিখছে—আমি তোমার বাড়ি এসে তোমাকে মেরে ফেলব।’ তবে এই হুমকি তাকে মানসিকভাবে প্রভাবিত করলেও তিনি দমে যেতে রাজি নন।

প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের স্থলাভিষিক্ত হওয়া এই অভিনেতা জানান, শৈশবে তিনি নিজে হগওয়ার্টসের জাদুকরী দুনিয়ায় নিজেকে কল্পনা করতেন। এখন তার এই চরিত্রটি বর্তমান প্রজন্মের শিশুদের জন্য বড় একটি অনুপ্রেরণা হতে পারে।

তিনি বলেন, ‘আমার মতো একটা ছেলে নিজেকে ওই জাদুকরী বিশ্বে দেখতে পাচ্ছে—এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কেউ আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখাতে পারবে না।’

তবে আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও পাপা এসিয়েদু কোনো আইনি পদক্ষেপ নেননি।  কোনো অভিযোগও জানাননি। তার মতে, ১৭ বছরের কোনো কিশোরকে জেল খাটানো তাকে মানসিক শান্তি দেবে না। বরং এই বিদ্বেষ তাকে নিজের কাজ নিয়ে আরও বেশি সংকল্পবদ্ধ করে তুলছে।

২০২৫ সালের এপ্রিলে জন লিথগো এবং নিক ফ্রস্টের মতো তারকাদের সঙ্গে এই টিভি সিরিজটির জন্য তার নাম ঘোষণা করা হয়। সিরিজটি শেষ হতে অন্তত ১০ বছর সময় লাগতে পারে জানিয়ে পাপা বলেন, ‘সিরিজ শেষ হতে হতে আমার বয়স হবে ৪৫। এটি একটি বিশাল প্রতিশ্রুতি, যা আমার জীবন পুরোপুরি বদলে দেবে।’

সূত্র: ই নিউজ

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম