Logo
Logo
×
   

বিনোদন

সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহে নেত্রীদের তোপের মুখে কনকচাঁপা, যা বললেন গায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহে নেত্রীদের তোপের মুখে কনকচাঁপা, যা বললেন গায়িকা

জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শনিবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় ছিল। এ সময় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তোপের মুখে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। 

এর মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা উপস্থিত ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নারীনেত্রীদের একাংশ তার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত না থেকেও হঠাৎ করে মনোনয়নপ্রত্যাশী হওয়া সুবিধাবাদিতার শামিল বলেও অভিযোগ তোলেন তারা। 

ঘটনাস্থলে উপস্থিত মনোনয়নপ্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? তিনি কি দল করেছে? যারা আন্দোলনে ছিল, ১৭ বছর আমরা দলের জন্য খেটেছি, তাদের মূল্যায়ন কোথায়?’

 তিনি বলেন, বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম। ১৭ বার জেলে গেছি। নারীদের মধ্যে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিলেন? আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না বলে জানান বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের এ নির্বাহী সদস্য।  

জেরিন রনি বলেন, কনকচাঁপা কয়টা মামলা খেয়েছেন? কয়টা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন? যারা রাজপথে লড়াই করেছেন, আমরা তাদেরই মনোনয়ন চাই।

এ সময় আরও কয়েকজন নেত্রী একই ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দলে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা নেত্রীদের উপেক্ষা করে হঠাৎ করে আগত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলে তা দলীয় কাঠামো ও কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।

মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তীব্র ক্ষোভের মুখে পড়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এসব প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত কনকচাঁপা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি বলেন, 'আমি আশাবাদী।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম