Logo
Logo
×
   

বিনোদন

ঝড় তুলল আতিফ-ইউমনার ‘হান ইশক মে’ গানের ভিডিও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

ঝড় তুলল আতিফ-ইউমনার ‘হান ইশক মে’ গানের ভিডিও

গানটির ভিডিওর একটি দৃশ্য।

পাকিস্তানের রকস্টার, প্লেব্যাক, সুরকার ও সংগীতশিল্পী আতিফ আসলাম এবং অভিনেত্রী ইউমনা জাইদিকে একসঙ্গে দেখা গেছে নতুন গান ‘হান ইশক মে’-এর ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ গানের ভিডিওটি প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউবে মাত্র ১৯ ঘণ্টায় গানটির দর্শক সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই আতিফ আসলামের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অংশ হিসেবে গানটির টিজার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এরপর গত ৩০ আগস্ট গানটির অফিসিয়াল গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। 

‘হান ইশক মে’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাজ রাঞ্জোধ। সংগীত পরিচালনা করেছেন শিরাজ আপ্পাল এবং কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। এ গানটির ভিডিওতে আতিফ আসলাম ও ইউমনা জায়েদির পাশাপাশি মুস্তাফা আফ্রিদিকেও দেখা গেছে। 

গানের ভিডিওটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা সাইফ হাসান। গানের ভিডিওটির গল্পে উঠে এসেছে প্রেম, জটিল সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও বিচ্ছেদের কষ্ট। গানের কথায় প্রিয় মানুষকে হারানোর পর তৈরি হওয়া শূন্যতা ও মানসিক যন্ত্রণার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

শুধু ভালোবাসার রোমান্টিক দিক নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাকিত্ব, মানসিক দূরত্ব, অপেক্ষা এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার অনুভূতিও তুলে ধরা হয়েছে। মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে যাওয়ার অনুভূতি এবং শীতল হয়ে যাওয়া সম্পর্কের ক্ষতও ফুটে উঠেছে সংগীতচিত্রে। 

‘হান ইশক মে’ গানটির আয়োজনে ইউমনা জাইদির উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে। সাধারণ গানের দৃশ্যের মতো নয়, বরং একটি আবেগঘন গল্পের চরিত্র হিসেবে আতিফ আসলামের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।

এর আগে গানটির পোস্টার প্রকাশের পর থেকেই দুজনকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। গানটির জনপ্রিয়তা নিয়ে আতিফ আসলাম নিজেও তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাত্র ১৯ ঘণ্টায় ‘হান ইশক মে’ ১০ লাখ দর্শক পেয়েছে এবং গানটি জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছে বলেও জানিয়েছেন এ সংগীতশিল্পী।

আতিফ আসলাম বলেন, বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। একই সঙ্গে ইউমনা জায়েদি, পরিচালক সাইফ হাসান, গীতিকার ও সুরকার রাজ রাঞ্জোধ এবং সংগীত পরিচালক শিরাজ আপ্পালের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম