আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা জুলাই মাসে একটি সিনেমার লড়াইয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছিলেন। সে কারণে এতদিন তিনি বাড়িতেই বিশ্রামে ছিলেন। বিশ্রামের এই সময়ে স্বামী বিজয় দেবেরকোন্ডার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলে জানান অভিনেত্রী। এখন অনেকটাই সুস্থ তিনি। এমনকি চিকিৎসকরা আরও কয়েক সপ্তাহ পর কাজ শুরুর পরামর্শ দিয়েছেন বলেও জানান রাশমিকা মান্দানা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের।
চিকিৎসকদের পরামর্শের তোয়াক্কা না করেই হায়দরাবাদে ‘রণবালী’র সেটে ফিরছেন অভিনেত্রী। সিনেমাটির মুক্তির দিন এগিয়ে আসছে এবং আর মাত্র ১০ দিনের কাজ বাকি রয়েছে। এরপর আরও দুটি সিনেমার কাজ রয়েছে। ব্যস্ত সূচির কথা ভেবেই তিনি বলেন, আসন্ন মাসগুলোর শুটিং তালিকা দেখে ইতিমধ্যে বেশ চিন্তিত আছেন তিনি।
এই বিশ্রামের দিনগুলো কেমন কাটল অভিনেত্রীর।—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই কদিনে পর্যাপ্ত ঘুমিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং পাজল খেলেছেন। কাজ শুরু করলে এই বিশ্রামকালকে তিনি মিস করবেন বলেও জানান রাশমিকা মান্দানা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকে দুজনেই প্রচণ্ড ব্যস্ত ছিলেন বলেও জানান অভিনেত্রী। এই চোটের কারণে বিজয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।
রাশমিকা মান্দানা বলেন, বিয়ের পর তিন মাস আমাদের দেখাই হয়নি, শুধু ফোনে কথা হয়েছে। ভাগ্যই যেন আমাকে বাড়িতে বন্দি করে দিল। একসঙ্গে এতখানি সময় আমরা আগে কাটাইনি। আলাদা হলেও মুহূর্তগুলো বেশ ভালো কেটেছে। বিজয় গুরুগম্ভীর ছবি ও সিরিজ দেখতে পছন্দ করে, আর আমি কোরিয়ান সিরিজ দেখি। এখন আমরা দুজনেই একে অপরের পছন্দের ছবি ও সিরিজ দেখি।
তিনি বলেন, বিছানায় শুয়ে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকা একদম পছন্দ নয় আমার। তাই আঘাত লাগলেও নিজে কাজ করেছি এবং পরিবারের সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি হয়েছে।
বিজয় দেবেরাকোন্ডাও রাশমিকার সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আনন্দিত। জীবনের প্রতিটি বাঁকে থ্রিল কিংবা রোমাঞ্চ খুঁজে পাওয়া নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তবে রসিকতা করে রাশমিকাকে এ অভিনেতা বলেন, পরের বার যেন চোট না পেয়েই এমন ছুটির সুযোগ মেলে।
উল্লেখ্য, রাশমিকা মান্দার আগামী সিনেমা ‘রণবালী’ শিগগির মুক্তি পাচ্ছে। আর মাত্র কয়েকটি দিন শুটিং বাকি রয়েছে।

