বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাড়লেন পরীমনি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেই আন্দোলনে পরাজিত নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী নেতাকর্মীরা অভিনেত্রীর ওপর হামলা চালিয়েছেন। ইতালির মেস্ট্রেতে এ ঘটনা ঘটে।
ইতালির ভেনিসের মেস্ট্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছেন। চলে গালাগাল, মারধর ও হেনস্তা। সেই সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুসন্তানটি ভয়ে কেঁদে ওঠে; তার উচ্চস্বরে কান্নার শব্দ শোনা যায় ভিডিওজুড়ে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে বইছে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতালির ভেনিসে যোগ দিতে গেছেন আজমেরী হক বাঁধন। সেখানেই হামলার শিকার হন তিনি। ইতালিতে তার পরিবারের সদস্য ও ছোট শিশুর উপস্থিতিতেই ঘটে এমন ন্যক্কারজনক ঘটনা। অভিনেত্রীকে হেনস্তা ও সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আরেক অভিনেত্রী পরীমনি।
সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।’
এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয়েছে এবং মারধর করে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও করেছেন বলে শোনা গেছে।
