কারিনার টার্গেটে নির্মাতারা, ‘অ্যানিমেল’ প্রসঙ্গ টানলেন অভিনেত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
অভিনেত্রী কারিনা কাপুর খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড সিনেমার নির্মাতারা গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মানসিকতা বলে জানিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট একটি ধরনের সিনেমা সফল হলে সেই একই ধাঁচ সিনেমা অনুসরণ করতে শুরু করেন বহু নির্মাতা। নতুন কিছু তৈরি করার বদলে সব সিনেমার এক ‘ফর্মুলা’ নকল করার এ প্রবণতাই বলিউডের অন্যতম সমস্যা বলে মনে করেন তিনি।
অভিনেত্রী আরও বলেন, এখনকার দর্শক অনেক বেশি সচেতন এবং তারা বেছে বেছে সিনেমা দেখেন। তাই পরিচিত ঘরানা বা অনুমানযোগ্য গল্পের বাইরে নতুন কিছু দেখতে চান সিনেমাপ্রেমী দর্শকরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কথা বলেছেন নির্মাতা ও দর্শকদের বদলে যাওয়া সম্পর্ক নিয়ে। শিগগির মেঘনা গুলজারের তদন্তমূলক সিনেমা ‘দায়রা’-এ দেখা যাবে তাকে। তিনি বলেন, কোনো সিনেমা সফল হওয়ার পর সেই সিনেমার সাফল্যের আসল কারণ বোঝার চেষ্টা না করে একই ধরনের সিনেমা তৈরি করতে শুরু করে দেয় ইন্ডাস্ট্রি।
তিনি উদাহরণ হিসাবে নির্মাতা সন্দীপ রেড্ডী বাঙ্গা ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার কথা তুলে ধরেন। কারিনা কাপুর বলেন, সিনেমাটি সফল হওয়ার পর থেকেই হিংসাত্মক গল্প নিয়ে সিনেমা তৈরির প্রবণতা বেড়ে গেছে।
এ অভিনেত্রী বলেন, আমাদের দর্শক অনেক বেশি বুদ্ধিমান, যা আমরা হয়তো ধারণাও করতে পারি না। তারা ঠিক বুঝতে পারেন যে, কোন সিনেমা ভালো এবং কোন সিনেমা তারা দেখতে চান।
তিনি বলেন, এখন আর শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্পে তারা আটকে নেই। এসব বিষয় এখন খুব পুরোনো হয়ে গেছে। কিন্তু এখন হিংসার সিনেমা চলছে, ‘অ্যানিমেল’ হিট করেছে। চলো সবাই হিংসার সিনেমা বানাই’— এ মানসিকতা ইন্ডাস্ট্রির। আমরা আসলে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলি, আর কী বলব!
এর পাশাপাশি কারিনা সেসব নির্মাতার কথাও বলেছেন, যারা গতানুগতিক পথে না হেঁটে ভিন্ন ধরনের সিনেমা তৈরি করতে চান এবং দর্শককে ভাবতে বাধ্য করেন। তিনি বলেন, এমন অনেক নির্মাতা রয়েছেন, যারা অন্য রকম কিছু তৈরি করতে চান, দর্শককে ভাবতে বাধ্য করেন এবং তাদের নিজস্ব অনুরাগীও রয়েছে। আমার মনে হয়, এখন বিষয়টি বদলাচ্ছে। দর্শক এখন প্রচার-ঝলক দেখেই বলবেন— ‘আমরা এই সিনেমাটা দেখতে চাই।’
কারিনা বলেন, দর্শক এখন অনেক বেশি প্রশ্ন করেন এবং বেছে সিনেমা দেখেন। ফলে শুধু একটি নির্দিষ্ট ঘরানার সিনেমা তৈরি করলেই যে তা বক্স অফিসে সফল হবে, এমনটি ধরে নেওয়া আর ঠিক নয়।
তিনি বলেন, তরুণ দর্শক এখন অনেক বেশি চিন্তাভাবনা করেন, তারা প্রশ্ন করতে জানেন। এখন আর নির্মাতারা শুধু এই ভেবে সিনেমা বানাতে পারেন না যে, ‘এটা কমেডি, তাই মানুষ নিশ্চয়ই দেখবেন!’ সব সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি টাকা আয় করবে না। আমার মনে হয়, পরিবর্তনটা আসছে এবং দর্শকই আমাদের সেই পরিবর্তন আনতে সাহায্য করছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছিল। সিনেমাতে রণবীর অভিনীত চরিত্রের সঙ্গে তার বাবা, অনিল কাপুর অভিনীত চরিত্রটির জটিল সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তীব্র হিংসা ও বিতর্ক সত্ত্বেও এ সিনেমা বিশ্বব্যাপী ৯০০ কোটিরও বেশি টাকা আয় করেছিল। সিনেমাটির দ্বিতীয় পর্ব তৈরি হচ্ছে।
অন্যদিকে কারিনা কাপুরকে এবার দেখা যাবে অন্য ঘরানার সিনেমায়। মেঘনা পরিচালিত ‘দায়রা’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারনও। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমাটি।

