রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্ত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাদের সম্পর্ক, বিয়ে ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলোচনার পর বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন কিছু নেটিজেন। এবার ব্যঙ্গাত্মক একটি ভিডিও শেয়ার করে সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিওতে তার ও রাশমিকার কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিশ্লেষণের প্রবণতাকে ব্যঙ্গ করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, ‘সাবটাইটেল দরকার। আঞ্চলিক ভাষায়।’
ভিডিওতে দুই কনটেন্ট নির্মাতাকে বিজয় ও রাশমিকার কফি শোতে অংশ নেওয়ার বিভিন্ন মুহূর্ত বিশ্লেষণ করতে দেখা যায়। সেখানে সাধারণ কিছু ঘটনাকেও নেতিবাচকভাবে ব্যাখ্যা করার প্রবণতা তুলে ধরা হয়েছে।
ভিডিওতে এক নারী বিজয়ের বসার অবস্থান নিয়ে মন্তব্য করেন। তার দাবি, সোফার ডান পাশে বসে বিজয় বোঝাতে চেয়েছেন যে তিনি সব সময় নিজেকেই সঠিক মনে করেন। এ কারণে তিনি বিজয়ের আচরণকে ‘রেড ফ্ল্যাগ’ বা সম্পর্কের জন্য সতর্কসংকেত বলে উল্লেখ করেন।
এরপর টেবিলে কফি রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন ওই নারী। তিনি বলেন, কফি শুধু বিজয়ের পাশে রাখা ছিল, রাশমিকার পাশে নয়। তার সঙ্গী বলেন, হয়তো রাশমিকা কফি পান করেন না। কিন্তু ওই নারী পালটা মন্তব্য করেন, অন্তত বিজয়ের উচিত ছিল স্ত্রীকে কফি এগিয়ে দেওয়া।
বিয়ের প্রসঙ্গে বিজয়ের একটি মন্তব্য নিয়েও ভিডিওতে ব্যঙ্গ করা হয়। স্ত্রীকে খুশি রাখতে তার সঙ্গে একমত হওয়ার বিষয়ে বিজয়ের বক্তব্যকে ওই নারী আত্মকেন্দ্রিক ও পুরুষতান্ত্রিক আচরণ হিসেবে ব্যাখ্যা করেন। তবে এসব ব্যাখ্যার পক্ষে যুক্তি জানতে চাইলে তিনি বলেন, জানতে চাও কেন? এটা তো শুধু একটা রেড ফ্ল্যাগ।
এ ছাড়া বিজয় ইনস্টাগ্রামে রাশমিকাকে অনুসরণ করেন না, এমন বিষয়ও ভিডিওতে উঠে আসে। এ নিয়ে দুই নির্মাতার কথোপকথনেও হাস্যরস তৈরি করা হয়েছে।
বিয়ে নিয়ে মন্তব্যে বিতর্ক
‘কফি উইথ করণ ৯’-এর ওই পর্বের বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। কিছু দর্শক বিজয়ের মন্তব্যকে অহংকারী ও রাশমিকার প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেন।
বিশেষ করে বিয়েতে রাজি হওয়ার আগে রাশমিকাকে তাকে ‘১০০ বার’ বলতে হয়েছিল, বিজয়ের এমন মন্তব্য আলোচনার জন্ম দেয়। কথোপকথনে জানা যায়, প্রায় এক বছর ধরে বারবার বলার পর তিনি বিয়েতে সম্মতি দেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন এই জুটি। রাশমিকা বিজয়ের শর্তে রাজি হয়েছিলেন জেনে সঞ্চালক করণ জোহরও বিস্ময় প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজয়ের সাম্প্রতিক পোস্টটি তার ও রাশমিকার কথোপকথনের প্রতিটি বিষয়কে নেতিবাচকভাবে ব্যাখ্যা করার প্রবণতা নিয়ে ব্যঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এই জুটিকে ‘রানাবালি’ নামের ঐতিহাসিক অ্যাকশনধর্মী চলচ্চিত্রেও একসঙ্গে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন রাহুল সংকৃত্যায়ন।
সূত্র: এনডিটিভি

