Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

ফাইল ছবি

Advertisement

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টার ঘটনায় উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। মেঘমল্লারের তীব্র মানসিক কষ্ট ও শূন্যতার অনুভূতি গভীরভাবে উপলব্ধি করতে পারছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লেখেন, মেঘমল্লার আবারও আত্মহত্যার চেষ্টা করেছেন। এর আগেও তিনি এমন চেষ্টা করেছিলেন।

মেঘমল্লারের লেখা চিঠির প্রসঙ্গ তুলে প্রিন্স মাহমুদ বলেন, তার তীব্র মানসিক কষ্ট ও শূন্যতার অনুভূতি তিনি গভীরভাবে অনুভব করতে পারছেন। জীবনের নানা ঘটনার পরও যখন মনে হয় সবকিছু আবার শুরুর জায়গায় ফিরে এসেছে, তখন নিজেকে অসহায় ও ক্লান্ত মনে হওয়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

মেঘমল্লারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রিন্স মাহমুদ বলেন, এই মুহূর্তে অসুস্থ ও মেধাবী এই মানুষটিকে নিয়ে কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ করা উচিত নয়। তার প্রয়োজন একজন শান্ত ও প্রকৃত বন্ধুর বিশ্বস্ত সহায়তা এবং একজন পেশাদার পরামর্শদাতা, যিনি সহানুভূতির সঙ্গে তার কথা শুনবেন এবং জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে সহযোগিতা করবেন।

পোস্টের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও বলেন, জীবনের শুরুতে তীব্র মানসিক ও পারিপার্শ্বিক প্রতিকূলতার মুখে আত্মহত্যার চেষ্টা করেও পরবর্তীতে অনেকে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে নিজ নিজ ক্ষেত্রে বিশ্বখ্যাত বা অত্যন্ত সফল হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর গল্প প্রমাণ করে, জীবনের কঠিনতম পরিস্থিতিই শেষ কথা নয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম