Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে অপমানকে জেদে পরিণত করে নাচের তারকা হন ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

যে অপমানকে জেদে পরিণত করে নাচের তারকা হন ক্যাটরিনা

ফাইল ছবি

Advertisement

নাচে দক্ষতা নিয়ে সমালোচনা থেকে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া ক্যাটরিনা কাইফের পথচলা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে এক কোরিওগ্রাফার তাকে নাচে ‘শূন্য’ বলে মন্তব্য করেছিলেন। এমনকি নাচ না পারলে ক্যারিয়ার ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। সম্প্রতি সেই ঘটনার কথা জানিয়েছেন কোরিওগ্রাফার বসকো মার্টিস।

বসকো ও সিজারের একটি পডকাস্টে এ তথ্য উঠে আসে। সেখানে তারা ফারাহ খানের সঙ্গে নিজেদের কাজ এবং বলিউডের জনপ্রিয় বেশ কিছু নাচের গান নিয়ে আলোচনা করছিলেন।

আলোচনায় ক্যাটরিনার প্রসঙ্গ আসে ২০১০ সালের সিনেমা ‘তিস মার খান’-এর ‘শীলা কি জাওয়ানি’ গান নিয়ে কথা বলার সময়। ফারাহ খান জানান, ক্যাটরিনার সঙ্গে প্রথম কাজ করার সময় তিনি তাকে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত মনে করেননি।

ফারাহ বলেন, ক্যাটরিনার সঙ্গে তার প্রথম গান ছিল ‘জাস্ট চিল’, যা ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমার। এর আগে ‘টাচ মি, টাচ মি’র মতো গানে ক্যাটরিনাকে দেখা গেলেও তখনো তাকে নৃত্যশিল্পী হিসেবে বিবেচনা করা হতো না।

এ সময় ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা তুলে ধরেন বসকো। তিনি বলেন, সমালোচনা সত্ত্বেও ক্যাটরিনা অনেক পরিশ্রম করতেন। এক কোরিওগ্রাফার তাকে বলেছিলেন, নাচে আপনি শূন্য। তাই আপনার ছেড়ে দেওয়া উচিত।

বসকোর মতে, ওই মন্তব্য ক্যাটরিনার মনে জেদ তৈরি করে থাকতে পারে। তিনি বলেন, তাহলে তার ভেতরেও নিশ্চয় সেই ক্ষোভটা ছিল।

তবে ফারাহ মনে করেন, ক্যাটরিনা কখনোই নাচে পুরোপুরি শূন্য ছিলেন না। বসকোর কথা শুনে তিনি বলেন, আহা, বেচারি! নাচে সে শূন্য তো ছিল না। হয়তো চার বা পাঁচ ছিল। কিন্তু ‘শীলা কি জওয়ানি’র পর সে নয় বা দশে পৌঁছে যায়। এরপর আসে ‘চিকনি চামেলি’, ‘কালা চশমা’।

বসকো ও সিজারও ফারাহর সঙ্গে একমত হয়ে ‘শীলা কি জওয়ানি’ গানে ক্যাটরিনার পারফরম্যান্সের প্রশংসা করেন।

এদিকে মা হওয়ার পর গত দুই বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। ২০২৫ সালের নভেম্বরে ক্যাটরিনা ও ভিকি কৌশল তাদের ছেলে ভিহান কৌশলের জন্মের খবর জানান।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম