অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। সোহেল খানের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসবে যোগ দেন বলিউড অভিনেতা সালমান খানও। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও সময় বের করে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠানে হাজির হন ভাইজান।
অনুষ্ঠানে সালমানকে গণপতি বাপ্পার সামনে দাঁড়িয়ে আরতি করতে দেখা যায়। তবে আরতি করার সময় সামান্য ভুল করে উলটোভাবে শুরু করলে বোন অর্পিতা খান তাকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর নিয়ম মেনে আবারও আরতি করেন সালমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সোহেল খানের বাড়িতে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় পুরো খান পরিবারকে একসঙ্গে দেখা যায়। সালমান ছাড়াও উপস্থিত ছিলেন তার মা সালমা খান, সৎমা হেলেন খান এবং দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান। পরিবারের ছোট সদস্যরাও উৎসবে অংশ নেয়।
সোহেল খানের দুই ছেলেকেও গণপতি বাপ্পার সেবায় অংশ নিতে দেখা যায়। আরহান খান তার চাচু আরবাজ খানের সঙ্গে বিসর্জনে অংশ নেন।
এদিকে অনুষ্ঠানে দেখা যায় সালমানের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুরকেও। অফ-হোয়াইট শাড়িতে উপস্থিত ইউলিয়াও গণপতি বাপ্পার আরতি করেন এবং আশীর্বাদ নেন। তার উপস্থিতি ও আরতি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়।
গণেশ মহোৎসব খান পরিবারের কাছে নতুন কিছু নয়। প্রতি বছরই পরিবারের সদস্যরা ধুমধাম করে গণপতি পূজায় অংশ নেন। তবে এবার অর্পিতা খানের পরিবর্তে সোহেল খান নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসেন। সেই উপলক্ষেই পরিবারের সবাইকে একসঙ্গে দেখা যায়।
সালমান খানের কাছেও গণপতি উৎসব বরাবরই বিশেষ। প্রতি বছর পরিবার কিংবা বন্ধুদের বাড়ির গণেশ পূজায় তাকে অংশ নিতে দেখা যায়। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ পূজাতেও উপস্থিত ছিলেন তিনি। এবারও পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিয়ে বাপ্পাকে বিদায় জানালেন অভিনেতা।
কাজের দিক থেকে বর্তমানে নতুন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। মুম্বাইয়ে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হয়েছে বিশাল সেট। নয়নতারা, রাহুল দেবসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সেখানেই শুটিং করছেন তিনি। অ্যাকশননির্ভর সিনেমাটিতে সালমানের নতুন লুক ও অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এর পাশাপাশি সপ্তাহে একদিন ‘বিগ বস ২০’-এর শুটিংয়ের জন্যও সময় দিচ্ছেন অভিনেতা। ‘উইকেন্ড কা ওয়ার’-এর দুটি পর্ব এবার একই দিনে শুট করছেন তিনি।
এদিকে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সিনেমাটি এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বোর্ড এখনো সিনেমাটি দেখেনি এবং সার্টিফিকেট না পাওয়ায় এর মুক্তিও পিছিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

