হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম চর্চিত ছকভাঙা প্রেমকাহিনি হৃতিক রোশন ও সাবা আজাদের। তাদের বয়স নিয়ে ট্রলিং, কটাক্ষ কিংবা সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চা— কোনো কিছুই যে তাদের রসায়নে চিড় ধরাতে পারেনি, তা আবারও প্রমাণ করলেন এ জুটি। সম্পর্কের দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ হতেই সামাজিক মাধ্যমে ভালোবাসায় মোড়া এক আবেগঘন পোস্ট শেয়ার করে নিলেন হৃতিক রোশন।
এদিকে জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের ১৪ বছরের সংসার ভেঙেছে। সাবেক স্ত্রী আজও বন্ধু। এর মধ্যেই সাবা আজাদের সঙ্গে সম্পর্কের পাঁচ বছর পূর্ণ করলেন অভিনেতা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের একান্ত কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নিয়ে হৃতিক রোশন লিখেছেন— ‘আজ আমাদের জন্মদিন। শুভ পঞ্চমবার্ষিকী আমার ভালোবাসা’।
সমুদ্রসৈকতে সূর্যাস্তের মুখোমুখি দুজনে জড়িয়ে থাকা বা নদীর ধারে তোলা তাদের মিষ্টি সেলফি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। তবে সব আলোচনার মাঝে আলাদা করে নজর কেড়েছে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের কমেন্ট। সাবেকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে সুজান লিখেছেন— ‘ভীষণ মিষ্টি! শুভবার্ষিকী’।
হৃতিক ও সাবার সম্পর্কের শুরু থেকেই তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে কম ট্রলিং হয়নি। বহু নেটিজেন তাদের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করেছেন। আবার কেউ কেউ বয়স নিয়ে তুলেছেন অহেতুক প্রশ্ন। কিন্তু প্রতিবারই সেসব চর্চাকে ফুঁ দিয়ে উড়িয়ে নিজেদের ভালোবাসার সমীকরণ বজায় রেখেছেন এ জুটি। তাদের এ পাঁচ বছরের পথচলা যেন ট্রলারদের মুখে এক সপাটে জবাব।
সাধারণত বিচ্ছেদের পর সাবেক দম্পতির মধ্যে তিক্ততা কিংবা দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক ঘটনা। কিন্তু হৃতিক রোশন ও সুজান খান সেখানে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।
২০১৪ সালে তাদের ১৪ বছরের দাম্পত্যের অবসান ঘটলেও সন্তানদের স্বার্থে এবং নিজেদের পারস্পরিক শ্রদ্ধার টানে আজও তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। শুধু তাই নয়, হৃতিক রোশনের বর্তমান প্রেমিকা সাবা আজাদের সঙ্গেও সুজান খানের সখ্যতা দেখার মতো। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, নৈশভোজ কিংবা ছুটি কাটানোর আড্ডায় অনেকবার সুজান ও সাবাকে একসঙ্গে হাসিমুখেই দেখা গেছে।
সাবেক ও বর্তমানের মধ্যে এমন জটিলতাহীন ও পরিণত সমীকরণ বিটাউনে সত্যি বিরল। সব বিতর্ক আর কটাক্ষকে দূরে সরিয়ে রেখে হৃতিক-সাবার এই পাঁচ বছরের যাত্রায় সুজান খানের এমন আন্তরিক উপস্থিতি আধুনিক সম্পর্কের এক অনন্য ও সুন্দর বার্তা দিল।
