মস্তিষ্কে টিউমার, দুই অস্ত্রোপচারের পর তানিয়া বৃষ্টির নতুন খবর
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও আরও একটি সার্জারি করাতে হয়েছে তাকে। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির কারণে প্রায় আট মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।
তবে কঠিন সেই সময় পেছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতিও শুরু করেছেন তিনি। সম্প্রতি হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্ত ও সহকর্মীদের চমকে দেন অভিনেত্রী। দীর্ঘদিন পর তাকে লাইভে দেখে অনেকেই তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তানিয়া জানান, আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস শেষ করেছেন। কেমোথেরাপির পুরো প্রক্রিয়া শেষ হলে আবার এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। এরপর টিউমারের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা নিশ্চিত হতে পারবেন।
তানিয়া বলেন, ‘আমার শারীরিক অবস্থা আল্লাহর রহমতে অনেকটাই ভালো। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস কয়েক দিন আগে শেষ করেছি। কেমো শেষ হলে আবার এমআরআইসহ সবকিছু পরীক্ষা করতে হবে, টিউমারের অবস্থা কী-দেখতে হবে। দোয়া করবেন।’
চিকিৎসার কারণে তার শারীরিক গঠনেও পরিবর্তন এসেছে। আগের তুলনায় ওজন বেড়ে যাওয়ার প্রসঙ্গে তানিয়া জানান, দুটি সার্জারি এবং নিয়মিত কিছু ওষুধ সেবনের কারণেই এমনটা হয়েছে।
তার ভাষায়, ‘অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটি সার্জারির কারণে। আর আমাকে এমন কিছু ওষুধ খেতে হয়, যে কারণে আমার ওজন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক।’
একসময় রাত-দিনের বেশির ভাগ সময় শুটিং সেটেই কাটত তানিয়া বৃষ্টির। কিন্তু অসুস্থতার কারণে হঠাৎ করেই সেই ব্যস্ত জীবন থেকে প্রায় আট মাস দূরে থাকতে হয়েছে তাকে। এই দীর্ঘ সময়ে অভিনয়, সহশিল্পী ও কলাকুশলীদের খুব মিস করেছেন তিনি।
তানিয়া বলেন, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা তার কাছে পরিবারের মতো। অসুস্থতার সময় তাদের অনেকেই তার খোঁজ নিয়েছেন, দেখতে গেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। তাদের ভালোবাসা ও উৎসাহ তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।
অসুস্থতার কঠিন সময় পেরিয়ে এখন অভিনয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত তানিয়া। এরই মধ্যে ওটিটিসহ বেশ কয়েকটি কাজের ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই একটি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
অভিনয়ে ফেরার প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই।’
ভক্তদের মতামতও তার ফেরার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। তানিয়া জানান, তিনি ভেবেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানতে চাইবেন, দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে চান কিনা। কিন্তু তার নিজেরও মনে হচ্ছিল, দর্শকেরা তাকে দেখতে চান। শেষ পর্যন্ত ভক্তদের চাওয়াও তার সেই প্রত্যাশার সঙ্গে মিলে গেছে।
চিকিৎসকের পরামর্শে এখনো বেশির ভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন তানিয়া। অবসর সময়ে তার সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তাদের সঙ্গে সময় কাটালে নিজেকে অনেকটা ভালো অনুভব করেন বলে জানিয়েছেন তিনি।
তানিয়া বলেন, ‘কোথাও বাইরে গেলেও অনেক সময় তাদের সঙ্গে নিয়ে যাই। তাদের সঙ্গে সময় কাটালে অনেক সুস্থ অনুভব করি। কেন যেন ওরা আমাকে খুব বোঝে।’
সম্প্রতি পরিবারের সঙ্গে ঢাকার বাইরে দুদিন সময় কাটাতে গিয়েছিলেন তানিয়া। সেখান থেকেই দীর্ঘদিন পর ভক্তদের সঙ্গে কথা বলার ইচ্ছা হয় তার। পরে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন। সেই লাইভে তার উপস্থিতি দেখে অনেকেই অবাক হন এবং ভালোবাসা ও শুভকামনা জানান।
দীর্ঘ আট মাস ধরে যারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া বৃষ্টি। অভিনেত্রীর ভাষায়, ভক্তদের এই ভালোবাসা তাকে কঠিন সময় পার করে আবারও প্রিয় কাজের জায়গায় ফেরার সাহস জুগিয়েছে।


