‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আন্তর্জাতিক একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের বোর্ড সদস্য কবিতা গুপ্ত।
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কসের মন জয় করেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘মহারাজা’। বিশেষ করে সিনেমাটিতে অভিনয় করা তরুণ অভিনেত্রী সঞ্চনা নামিদাসের অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি।
অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করে টম হ্যাঙ্কস বলেছেন, ওই মেয়েটির অভিনয় এখনো ভুলতে পারিনি। কী অসাধারণ অভিনেত্রী! আমার মনে হয়, আমি এমন অভিনয় করতে পারতাম না। হলে ওই লোকটিকে মেরে ফেলতাম!
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আন্তর্জাতিক একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের বোর্ড সদস্য কবিতা গুপ্ত। তিনি জানান, এ বছরের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের (এলএসিএমএ) একটি অনুষ্ঠানে টম হ্যাঙ্কসের সঙ্গে তার দেখা হয়। তখন ভারতীয় সিনেমা থেকে কোন তিনটি ছবি দেখা উচিত, তা জানতে চান হ্যাঙ্কস। উত্তরে তিনি ‘মহারাজা’ সিনেমাটি দেখার পরামর্শ দেন।
এর কয়েক সপ্তাহ পর ৭ নভেম্বর দ্বিতীয় এলএসিএমএ আর্ট অ্যান্ড ফিল্ম গালায় আবারও তাদের দেখা হয়। তখনই সিনেমাটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান টম হ্যাঙ্কস। সিনেমাটিতে জ্যোতি চরিত্রে অভিনয় করেছেন সঞ্চনা নামিদাস। তিনি ছবির কেন্দ্রীয় চরিত্র মহারাজার (বিজয় সেতুপতি) মেয়ের ভূমিকায় ছিলেন। এটি ছিল তার অভিনীত শুরুর দিকের সিনেমাগুলোর একটি। পরে এই অভিনয়ের জন্য তিনি পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।
এদিকে ‘মহারাজা’র হলিউড সংস্করণে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ছবির প্রধান অভিনেতা বিজয় সেতুপতি। ২৪ নভেম্বর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি পুরস্কার উপস্থাপনের পর দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে আলাপকালে তিনি জানান, ছবিটির হলিউড সংস্করণে সুযোগ পেলে আনন্দের সঙ্গে অভিনয় করবেন।
বিজয় বলেন, প্রযোজক সুধান সুন্দরম তাকে জানিয়েছেন, সিনেমাটির হলিউড সংস্করণের স্বত্ব একটি সংস্থা কিনে নিয়েছে। এমনকি সেখানে অভিনয়ের সুযোগ পেতে তিনি একটি সিনেমায় বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি।
প্রযোজক সুধান সুন্দরম টাইমস অব ইন্ডিয়াকে জানান, চীনে সিনেমাটির সাফল্যের পর হলিউডের একটি সংস্থা রিমেক স্বত্ব কেনার আগ্রহ দেখায়। আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। এতে হলিউডের প্রথম সারির কোনো তারকাকে যুক্ত করার চেষ্টা চলছে। অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহি সেই তালিকায় থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত করেননি।
নিথিলান স্বামীনাথন পরিচালিত ‘মহারাজা’ সিনেমায় একজন নাপিতের গল্প তুলে ধরা হয়েছে। হারিয়ে যাওয়া একটি ময়লার ঝুড়ির অভিযোগ নিয়ে থানায় যাওয়ার পর তার জীবনে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ। পরে ছবিটি নেটফ্লিক্সেও মুক্তি পায়।

