নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি
বাজেট বাড়ছে, তারকাদের পারিশ্রমিক বাড়ছে, বাড়ছে নাটক নির্মাণের সংখ্যাও। দর্শক ও বিজ্ঞাপনদাতাদের আগ্রহে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে নাটকের বাজার এখন বেশ শক্তিশালী। অনেক ক্ষেত্রে সিনেমার চেয়েও নাটকের অর্থনৈতিক পরিসর বড়। অথচ এত কিছুর পরও বাংলাদেশে গড়ে ওঠেনি একটি সুসংগঠিত নাট্যশিল্প। কেন নাটকের এই রমরমা বাজারকে এখনো ইন্ডাস্ট্রি বলা যাচ্ছে না? বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।
|
ফলো করুন |
|
|---|---|
একসময় বাংলাদেশের টেলিভিশনে নাটক নির্মিত হতো সীমিত বাজেটে। শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের পারিশ্রমিকও ছিল তুলনামূলক কম। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন একটি ভালো মানের নাটক নির্মাণে ব্যয় হচ্ছে চার থেকে আট লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ঈদ কিংবা বিশেষ উৎসবকে কেন্দ্র করে নাটক নির্মাণের সংখ্যা তো বাড়েই, সারা বছরই চলছে নিয়মিত প্রযোজনা।
শুধু টেলিভিশন নয়, বর্তমানে ইউটিউব ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মও নাটকের নতুন বাজার তৈরি করেছে। দর্শক নাটক দেখছেন, বিজ্ঞাপন আসছে, স্পন্সর যুক্ত হচ্ছেন। সব মিলিয়ে নাটক এখন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম বড় বাণিজ্যিক ক্ষেত্র। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বাজার থাকার পরও নাটকের নিজস্ব কোনো সুসংগঠিত ইন্ডাস্ট্রি কেন গড়ে উঠল না?
হ বাজার আছে, কাঠামো নেই
একটি শিল্পকে ইন্ডাস্ট্রি হয়ে উঠতে হলে শুধু অর্থের লেনদেন কিংবা প্রচুর পণ্য উৎপাদন করলেই হয় না। প্রয়োজন একটি নির্দিষ্ট কাঠামো, নিয়মনীতি, বিনিয়োগব্যবস্থা, পেশাদার ব্যবস্থাপনা, শ্রমিকের অধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাংলাদেশের নাটকের ক্ষেত্রে এসবের অনেক কিছুই এখনো অনুপস্থিত।
অভিনেতা, নির্মাতা, চিত্রগ্রাহক, সম্পাদক থেকে শুরু করে প্রযোজনা সংশ্লিষ্ট অনেকেই কাজ করছেন। কিন্তু তাদের অধিকাংশের কাজের ধরন এখনো প্রকল্পনির্ভর। একটি নাটক নির্মাণের জন্য প্রযোজক অর্থ বিনিয়োগ করেন, নির্মাতা কাজ করেন, শিল্পীরা পারিশ্রমিক নেন। কাজ শেষ হলে সেই সম্পর্কেরও অনেক সময় ইতি ঘটে। পরবর্তী কাজের নিশ্চয়তা থাকে না।
নাট্যনির্মাতা এহসান এলাহী বাপ্পি বলেন, ‘আমাদের নাটকের বাজার বড় হয়েছে, কিন্তু বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। একটি ইন্ডাস্ট্রিতে কাজের ধারাবাহিকতা, বিনিয়োগের নিশ্চয়তা এবং পেশাদার ব্যবস্থাপনা থাকতে হয়। আমাদের এখানে এখনো অনেক কিছু ব্যক্তিনির্ভর।’
* তারকার পারিশ্রমিক বাড়ছে, সংকটেও ছোটরা
নাটকের বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত তারকাদের পারিশ্রমিক বেড়েছে। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নাটক নির্মাণে আগ্রহী থাকেন প্রযোজকরা। কারণ, পরিচিত মুখ থাকলে দর্শক পাওয়া সহজ হয়। অনলাইন প্ল্যাটফর্মে নাটকের ভিউ ও জনপ্রিয়তার হিসাবও অনেক সময় তারকানির্ভর হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে অভিনেত্রী প্রীতি আলভী বলেন, ‘একজন প্রতিষ্ঠিত শিল্পী বেশি পারিশ্রমিক পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু শিল্পী হিসাবে নতুনদেরও কাজের সুযোগ তৈরি করতে হবে। আমি মনে করি, শুধু কয়েকজন তারকাকে ঘিরে নাটকের বাজার চলতে থাকলে দীর্ঘমেয়াদে বৈচিত্র্য কমে যাবে।’
বাস্তবতাও অনেকটা সেরকম। বড় তারকাদের পেছনে বেশি বাজেট ব্যয় হওয়ায় অনেক প্রযোজনা সীমিত হয়ে পড়ে। অন্যদিকে নতুন অভিনেতা-অভিনেত্রী এবং দক্ষ কলাকুশলীরা নিয়মিত কাজের নিশ্চয়তা পান না। অথচ একটি ইন্ডাস্ট্রির শক্তি তৈরি হয় নতুন প্রতিভা, প্রশিক্ষণ এবং পেশাগত বিকাশের সুযোগ থেকে।
* প্রযোজক এবং নির্মাতার সম্পর্কেও অনিশ্চয়তা
নাটকের প্রযোজনায় এখনো দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রবণতা কম। অনেক প্রযোজক একটি নির্দিষ্ট নাটক বা উৎসবকেন্দ্রিক কাজের জন্য অর্থ বিনিয়োগ করেন। নাটকটি জনপ্রিয় হলে লাভের সম্ভাবনা থাকে, না হলে লোকসানের ঝুঁকি। ফলে পরিকল্পিতভাবে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ অনেকের মধ্যেই তৈরি হয় না।
প্রযোজক মাহবুব হাসান বলেন, ‘আমরা এখনো প্রতিটি নাটককে আলাদা প্রকল্প হিসাবে দেখি। অথচ ইন্ডাস্ট্রি গড়তে হলে প্রযোজনা প্রতিষ্ঠানকে নিয়মিত কাজ করতে হবে। একই সঙ্গে বিনিয়োগের সুরক্ষা, স্বত্ব সংরক্ষণ এবং আয়ের স্বচ্ছ হিসাব থাকতে হবে।’
এ ছাড়া নাটকের মেধাস্বত্ব বা কপিরাইট নিয়েও রয়েছে নানা জটিলতা। একটি নাটক নির্মাণের পর সেটির ডিজিটাল স্বত্ব কার কাছে থাকবে, পুনঃপ্রচার বা পুনর্বিক্রির আয় কীভাবে বণ্টন হবে-এসব বিষয়ে স্বচ্ছ ও সর্বজনস্বীকৃত ব্যবস্থা এখনো যথেষ্ট শক্তিশালী নয়।
* শ্রমের মূল্য ও পেশাগত নিরাপত্তার প্রশ্ন
একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রির অন্যতম শর্ত হলো সংশ্লিষ্ট সবার পেশাগত নিরাপত্তা। কিন্তু নাটকের সঙ্গে যুক্ত অনেক কলাকুশলী এখনো নিয়মিত কাজ, ন্যায্য পারিশ্রমিক কিংবা নির্দিষ্ট কর্মঘণ্টার নিশ্চয়তা পান না। শুটিংয়ের সময়সূচি, চুক্তি এবং পারিশ্রমিক পরিশোধ নিয়েও নানা সময় অসন্তোষ তৈরি হয়।
অভিনেতা ও অভিনয়শিল্পী সংগঠক হিসাবে পরিচিত তানভীর মাসুদ বলেন, ‘শুধু তারকাদের পারিশ্রমিক বাড়লেই ইন্ডাস্ট্রি তৈরি হয় না। একজন লাইটম্যান, সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট কিংবা সম্পাদকেরও কাজের নিশ্চয়তা থাকতে হবে। সবার শ্রমের যথাযথ মূল্যায়ন না হলে শিল্পটি টেকসই হবে না।’
* ইন্ডাস্ট্রি গড়তে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বাংলাদেশের নাটকের সামনে সম্ভাবনার অভাব নেই। দেশের বাইরেও বাংলা ভাষাভাষী দর্শক রয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে নাটক এখন সহজেই আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন মানসম্মত গল্প, দক্ষ নির্মাণ, পেশাদার প্রযোজনা এবং বাজার সম্প্রসারণের পরিকল্পনা।
বিশেষজ্ঞদের মতে, নাটক নির্মাণে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। শিল্পী ও কলাকুশলীদের জন্য কার্যকর চুক্তি, ন্যায্য পারিশ্রমিক, কপিরাইট সুরক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নাটকের মান ও দর্শকের রুচির উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
নাট্যবিশ্লেষক সাইফুল বারী মনে করেন, ‘আমাদের নাটকে দর্শক আছে, অর্থ আছে, প্রতিভাও আছে। এখন দরকার এই উপাদানগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনা। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে পারলে নাটকও পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারে।’
বর্তমানে বাংলাদেশের নাটক এখন আর শুধু বিনোদনের একটি মাধ্যম নয়, এটি বড় একটি বাণিজ্যিক বাজার। কিন্তু বাজার বড় হওয়া আর ইন্ডাস্ট্রি গড়ে ওঠা এক বিষয় নয়। নাটকের সংখ্যা কিংবা তারকাদের পারিশ্রমিক বাড়লেই শিল্পের ভিত শক্ত হয় না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, পেশাদারত্ব, বিনিয়োগের নিশ্চয়তা এবং সংশ্লিষ্ট সবার অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশের নাটক সেই সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয়, এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্টরা কত দ্রুত বিচ্ছিন্ন প্রযোজনার গণ্ডি পেরিয়ে একটি সুসংগঠিত নাট্যশিল্প গড়ে তুলতে পারেন।

