স্পিলবার্গের ওয়েস্টার্ন সিনেমায় কিলিয়ান মারফি ও জেসি বাকলে
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তার পরবর্তী প্রজেক্ট হতে যাচ্ছে একটি ওয়েস্টার্নধর্মী সিনেমা। আর এ সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন ‘ওপেনহাইমার’খ্যাত কিলিয়ান মারফি, অস্কারজয়ী অভিনেত্রী জেসি বাকলে এবং মার্ক রাইল্যান্স। চিত্রনাট্য লিখছেন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
‘দ্য হার্ট ইন উইন্টার’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতোমধ্যে হলিউডে আগ্রহ তৈরি হয়েছে। কেভিন ব্যারির লেখা ২০২৪ সালে প্রকাশিত উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে উনিশ শতকের আয়ারল্যান্ডকে ঘিরে। গল্পের কেন্দ্রে রয়েছেন টম রুর্ক নামের এক কবি। তিনি প্রেমে পড়েন নিজের শহরের খনির অধিনায়কের নববধূ পলি গিলেস্পির। সামাজিক বাধা ও বিপদের পরোয়া না করে দুজন পালিয়ে যান সান ফ্রান্সিসকোর উদ্দেশে। কিন্তু তাদের পিছু নেয় একদল বন্দুকধারী। শুরু হয় প্রেম, পলায়ন ও টিকে থাকার রোমাঞ্চকর লড়াই।
উপন্যাসের কাহিনি থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটি সরাসরি বইয়ের হুবহু রূপান্তর হবে না; বরং গল্পের ওপর ভিত্তি করে নির্মাতারা নিজেদের মতো করে চিত্রনাট্য সাজাবেন। ফলে পরিচিত কাহিনিতে নতুন সিনেমাটিক মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিনেতাদের দিক থেকেও সিনেমাটি বেশ আকর্ষণীয়। ‘পিকি ব্লাইন্ডার্স’ ও ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কিলিয়ান মারফির সঙ্গে পর্দা ভাগ করবেন জেসি বাকলে। ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাকলে। অন্যদিকে মার্ক রাইল্যান্সের সঙ্গে স্পিলবার্গের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালের ‘ব্রিজ অব স্পাইজ’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।
সিনেমাটি এখন প্রাক্-নির্মাণ পর্যায়ে রয়েছে। ২০২৮ সালে মুক্তির পরিকল্পনার কথা জানা গেলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
