ঢাকায় বসছে অ্যাডভেঞ্চার সিনেমার আসর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রোমাঞ্চ, দুঃসাহসিক অভিযান আর প্রকৃতির সঙ্গে লড়াইয়ের গল্প নিয়ে ঢাকায় বসছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২৭ নভেম্বর বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে আন্তর্জাতিক এ উৎসব। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে দেশ-বিদেশের বেশ কয়েকটি অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা প্রদর্শিত হবে। পাশাপাশি প্রথমবার দেওয়া হবে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’। থাকছে বিশেষ বই প্রকাশনার আয়োজনও। উৎসবে পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইং নিয়ে নির্মিত সিনেমা দেখানো হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেইল-রানিংবিষয়ক সিনেমা ‘দ্য ফিনিশার : জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথন্স’। জশ লয়েলের বিগ ওয়াল ক্লাইম্বিংবিষয়ক সিনেমা ‘রিল রক : রাইডার্স অন দ্য স্টর্ম’ও থাকছে প্রদর্শনীর তালিকায়। এ ছাড়া ফ্রান্সের বাইকিং অ্যাডভেঞ্চার নিয়ে নির্মিত ‘ম্যান্ডালা’ এবং কানাডার স্কিইংবিষয়ক সিনেমা ‘কোল্ড কলস’ দেখানো হবে।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’। দেশের অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রথমবার এ পুরস্কার দেওয়া হবে। একই অনুষ্ঠানে প্রকাশ হবে এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর বই ‘এন্ডুর : চেজিং দ্য ইম্পসিবল’। বইটিতে উঠে এসেছে তার বিভিন্ন দুঃসাহসিক অভিযানের গল্প ও ছবি। এর মধ্যে রয়েছে আয়রনম্যান প্রতিযোগিতা, বোস্টন ও বার্লিন ম্যারাথন, ভুটানের স্নোম্যান রেস এবং বাংলা চ্যানেল সাঁতারের অভিজ্ঞতা।
কানাডার ব্যানফে অনুষ্ঠিত মূল উৎসব থেকে নির্বাচিত সিনেমা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় এই ওয়ার্ল্ড ট্যুর। বাংলাদেশে ২০১০ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ উৎসবটির আয়োজন করে আসছে।
