স্ত্রীর গুণে মুগ্ধ নাগা চৈতন্য
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘ওর মধ্যে ঐতিহ্য ও সমকালীনতার দারুণ সমন্বয় রয়েছে’-স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য। জানিয়েছেন, নিজের জীবনেও স্ত্রী শোভিতার কাছ থেকে শিখেছেন নতুনভাবে ভাবতে ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘বৃষকর্মা’র প্রচারে একটি ‘হোনেস্ট টাউন হল’ অনুষ্ঠানে নেন নাগা চৈতন্য। সেখানে এক ভক্ত জানতে চান, স্ত্রী শোভিতার কোন গুণটি তার সবচেয়ে বেশি প্রিয়? উত্তরে এক মুহূর্ত দেরি না করে অভিনেতা বলেন, শোভিতার অনেক গুণই তার ভালো লাগে। তবে সবচেয়ে বেশি মুগ্ধ করে তার বহুমাত্রিক ব্যক্তিত্ব। ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে দারুণ ভারসাম্য বজায় রাখতে পারেন শোভিতা। পাশাপাশি নতুন কিছু জানার ও আবিষ্কারের প্রতি তার আগ্রহও অসাধারণ।
স্ত্রীর এই গুণ কীভাবে তাকে প্রভাবিত করেছে, সেটিও জানিয়েছেন নাগা। উদাহরণ হিসাবে ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। অভিনেতার ভাষায়, কোথাও বেড়াতে গেলে তিনি আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে রাখেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছু না হলে অনেক সময় তিনি কী করবেন বুঝে উঠতে পারেন না। অন্যদিকে শোভিতা খুব সহজেই পরিস্থিতি বুঝে নতুন পথ খুঁজে নেন এবং উদ্যোগ নিয়ে এগিয়ে যান।
নাগার মতে, শোভিতার এ স্বভাবের কারণেই তিনি জীবনে নতুন অনেক কিছু আবিষ্কার করেছেন। আগে থেকে পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসও তৈরি হয়েছে তার মধ্যে।
অনুষ্ঠানের আরেকটি পর্বে স্ত্রীকে মাত্র একটি শব্দে বর্ণনা করতে বলা হলে নাগার উত্তর ছিল- ‘ভালোবাসা’।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাগদান এবং একই বছরের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। বিয়ের পরও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। নাগার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, শোভিতার প্রতি তার মুগ্ধতা শুধু ভালোবাসায় সীমাবদ্ধ নয়; স্ত্রীর ব্যক্তিত্ব থেকেও প্রতিনিয়ত শিখছেন তিনি।
