সাই পল্লবীকে ঘিরে গোপন বিয়ের গুঞ্জন কেন উঠেছিল
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে হাজির হন তিনি। সেখানে বোন পূজার বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। পাশাপাশি জানান, বোনের বিয়ের প্রস্তুতি নিতে গিয়েই কীভাবে তাকে ঘিরে গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
অনুষ্ঠানে সাই পল্লবী বলেন, বোনের বিয়ের জন্য পোশাক বাছাই করতে গিয়ে তিনি নিজেই বিভিন্ন লেহেঙ্গা পরে দেখতেন। এ কারণে অনেকেই ধারণা করেছিলেন, নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘আমি পূজার লেহেঙ্গাগুলো পরে দেখতাম। তখন অনেকে ভাবতেন, আমি গোপনে বিয়ে করছি। কারণ, দোকানে গিয়ে বলতাম, আমাকে বিয়ের সব পোশাক দেখাতে। তারা মনে করতেন, নিজের বিয়ের জন্যই পোশাক পরখ করছি। এ কারণে বিষয়টি আমাকে আড়ালে রাখতে হতো।’
অনুষ্ঠানে সাই পল্লবীর বোন পূজার একটি রেকর্ড করা বার্তাও প্রচার করা হয়। সেখানে বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব বোন কীভাবে সামলেছিলেন, তা তুলে ধরেন তিনি।
পূজা জানান, বিয়ের মাত্র ১০ দিন আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরেছিলেন তিনি। ফলে বিয়ের প্রস্তুতির প্রায় সব দায়িত্বই পালন করেন সাই পল্লবী। সাজসজ্জা থেকে শুরু করে শাড়ি ও অন্যান্য পোশাক কেনাকাটা—সবকিছুতেই বোনকে পাশে পেয়েছেন তিনি।
পূজা বলেন, ‘পল্লবী আর আমি দুজনেই মনে করি, বিয়েটা খুব সুন্দর হয়েছিল। আমি অনুষ্ঠানটি উপভোগও করেছি। তবে সত্যি বলতে, সবকিছু পল্লবীই সামলেছিল। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম এবং বিয়ের মাত্র ১০ দিন আগে দেশে ফিরেছিলাম। সাজসজ্জা থেকে শুরু করে আমার শাড়ি পর্যন্ত সবকিছুর দায়িত্ব সে নিয়েছিল। আমার জন্য কেনাকাটা করতে গিয়ে নিজেই পোশাক, লেহেঙ্গা ও শাড়ি পরে দেখত।’
বোনের প্রশংসা করে পূজা আরও জানান, বিভিন্ন দোকানে গিয়ে পোশাকের নানা নকশা ও বিকল্প দেখে সেগুলোর ছবি তাকে পাঠানোর ব্যবস্থা করতেন সাই পল্লবী। বিয়ের আয়োজন নিয়ে কোনো আত্মীয় বা অন্য কারও কথায় পূজা উদ্বিগ্ন হয়ে পড়লে, পরিস্থিতি সামলে নিতেন অভিনেত্রী। বোনের বিয়ের পুরো সময়টিতে তিনি যেন স্বস্তিতে থাকেন এবং কোনো ধরনের চাপ অনুভব না করেন, সেটিই ছিল সাই পল্লবীর মূল লক্ষ্য।
এদিকে ‘রামায়ণ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাই পল্লবীর। ছবিটিতে সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমাতেও অভিনয় করছেন সাই পল্লবী। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন ধানুশ ও মাম্মুট্টি। নতুন সূচি অনুযায়ী, সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

