Logo
Logo
×

Advertisement

বিনোদন

মঞ্চ ছাড়িয়ে ‘মহাকাশের ক্যাপ্টেন’, বিদায় প্যাট্রিক স্টুয়ার্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

মঞ্চ ছাড়িয়ে ‘মহাকাশের ক্যাপ্টেন’, বিদায় প্যাট্রিক স্টুয়ার্ট

ছবি: সংগৃহীত

Advertisement

শেক্সপিয়ারের নাট্যমঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু। এরপর টেলিভিশনের পর্দায় ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড, বড় পর্দায় অধ্যাপক চার্লস জেভিয়ার। অভিনয়ের দীর্ঘ পথচলায় একাধিক প্রজন্মের দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ৮৬ বছর বয়সে তার মৃত্যুতে শেষ হলো অভিনয়জগতের এক বর্ণাঢ্য অধ্যায়।

ইংল্যান্ডের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া— প্যাট্রিক স্টুয়ার্টের জীবন যেন নিজেই এক নাটকীয় গল্প। শৈশবের কঠিন বাস্তবতা, থিয়েটারের প্রতি ভালোবাসা, শেক্সপিয়ারের নাটকে অভিনয় এবং পরবর্তী সময়ে বৈজ্ঞানিক কল্পকাহিনি ও সুপারহিরো চলচ্চিত্রে অভিনয়— সব মিলিয়ে তার ক্যারিয়ার ছিল বৈচিত্র্যে ভরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, আলঝেইমার রোগ ও লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর অল্প সময়ের অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ড শহরে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। তার শৈশব কেটেছে দারিদ্র্য ও পারিবারিক অস্থিরতার মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরার পর তার বাবা মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগতেন। স্টুয়ার্টের ভাষ্য অনুযায়ী, তার বাবা মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ছোটবেলায় মাকে রক্ষা করতে অনেক সময় বাবার সামনে দাঁড়াতেন তিনি।


এই কঠিন পরিবেশেই অভিনয় হয়ে ওঠে তার আশ্রয়। ১২ বছর বয়সে এক শিক্ষকের মাধ্যমে শেক্সপিয়ারের নাটক ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’-এর সঙ্গে পরিচয় ঘটে তার। সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন তিনি।

ষাটের দশকে যুক্ত হন রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সঙ্গে। মঞ্চে শেক্সপিয়ারের বিভিন্ন নাটকে অভিনয় করে ধীরে ধীরে নিজের দক্ষতার পরিচয় দেন। দীর্ঘদিন থিয়েটারেই কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। তবে বিশ্বজুড়ে পরিচিতি পেতে তাকে অপেক্ষা করতে হয় আরও কয়েক দশক।

১৯৮৭ সালে ৪৭ বছর বয়সে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ টেলিভিশন সিরিজে ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পান স্টুয়ার্ট। শুরুতে চরিত্রটি নিয়ে তার দ্বিধা ছিল। দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা ইয়ান ম্যাককেলেন তাকে থিয়েটারেই মনোযোগী থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত তার জীবন বদলে দেয়।

১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটির সাত মৌসুমে মোট ১৭৬টি পর্বে পিকার্ডের ভূমিকায় অভিনয় করেন তিনি। শৃঙ্খলাপরায়ণ, বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণ এই মহাকাশযান ক্যাপ্টেনের চরিত্র তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। পরে একাধিক ‘স্টার ট্রেক’ চলচ্চিত্র এবং ২০২০ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও একই চরিত্রে অভিনয় করেন।

‘মেক ইট সো’— পিকার্ডের মুখে বহুল ব্যবহৃত এই সংলাপটি ভক্তদের কাছে বিশেষ পরিচিত হয়ে ওঠে। কোনো নির্দেশ কার্যকর করার সময় প্রায়ই এই কথাটি বলতেন তিনি।

চরিত্রটির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও একসময় কথা বলেছিলেন স্টুয়ার্ট। ২০২২ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিরিজের সাতটি মৌসুম যত এগিয়েছে, জ্যঁ-লুক পিকার্ড ও প্যাট্রিক স্টুয়ার্টের মধ্যকার পার্থক্য তত কমে এসেছে। চরিত্রটির মধ্যে নিজের বিশ্বাস ও অনুভূতির অনেক কিছুই মিশে গিয়েছিল।

‘স্টার ট্রেক’-এর সাফল্যের পরও থেমে থাকেননি স্টুয়ার্ট। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ চলচ্চিত্রে টেলিপ্যাথিক ক্ষমতাসম্পন্ন অধ্যাপক চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। হুইলচেয়ারে চলাফেরা করা এই চরিত্রটি মার্ভেল কমিকসের জনপ্রিয় একটি চরিত্র।

শুরুতে এই ভূমিকায় অভিনয় করতেও খুব একটা আগ্রহী ছিলেন না তিনি। তার ধারণা ছিল, ‘স্টার ট্রেক’-এর পর আরেকটি কল্পবিজ্ঞানধর্মী চরিত্রে অভিনয় করা ঠিক হবে না। তবে নির্মাতাদের বোঝানোর পর রাজি হন। পরে এই চরিত্রও তার অভিনয়জীবনের অন্যতম পরিচিত পরিচয়ে পরিণত হয়।

‘এক্স-মেন’ সিরিজের একাধিক চলচ্চিত্রে অধ্যাপক এক্স হিসেবে অভিনয় করেন স্টুয়ার্ট। এসব ছবিতে তার সহশিল্পী ছিলেন দীর্ঘদিনের বন্ধু ইয়ান ম্যাককেলেন, যিনি ম্যাগনেটো চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ চলচ্চিত্রেও দেখা যায় তাকে।

মৃত্যুর আগে মার্ভেলের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রের শুটিংয়েও অংশ নিয়েছিলেন স্টুয়ার্ট। চলতি বছরের ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে তাকে আবারও অধ্যাপক এক্স চরিত্রে দেখা যাবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মার্ভেল স্টুডিওস বলেছে, তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী, উদার সহশিল্পী এবং প্রকৃত অর্থেই একজন ভদ্রলোক।

ব্যক্তিগত জীবন ও সম্মাননা

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। বাকিংহাম প্রাসাদে সম্মাননা গ্রহণের পর স্টুয়ার্ট বলেছিলেন, লরেন্স অলিভিয়ের, জন গিলগুড ও অ্যালেক গিনেসের মতো ব্রিটিশ অভিনেতাদের কাতারে জায়গা পাওয়া তার পেশাগত জীবনের সবচেয়ে বড় অর্জন।

ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেন এই অভিনেতা। তার দুই সন্তান রয়েছে। ২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী সানি ওজেলকে বিয়ে করেন তিনি।

প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবনের বিশেষত্ব ছিল, তিনি একই সঙ্গে শেক্সপিয়ারের ধ্রুপদি নাটক এবং জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি ও সুপারহিরো চলচ্চিত্রে সমান দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। একদিকে থিয়েটারের গাম্ভীর্য, অন্যদিকে পর্দার জনপ্রিয় চরিত্র— দুই জগতেই ছিল তার সাবলীল উপস্থিতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন?: পরিণীতি চোপড়া

মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন?: পরিণীতি চোপড়া

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

আরও পড়ুন

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

মন খারাপ করা খবর পেল শাহরুখ ভক্তরা

মঞ্চ ছাড়িয়ে ‘মহাকাশের ক্যাপ্টেন’, বিদায় প্যাট্রিক স্টুয়ার্ট

মঞ্চ ছাড়িয়ে ‘মহাকাশের ক্যাপ্টেন’, বিদায় প্যাট্রিক স্টুয়ার্ট

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

এই অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

এই অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম