কারিনাকে ইব্রাহিম আলি খান
তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
কারিনা কাপুর খান ও ইব্রাহিম আলি খান
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সমীকরণ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিতে সম্প্রতি জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নতুন আসরে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।
শোয়ের একটি বিশেষ পর্বে সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানের পাঠানো একটি ভিডিও বার্তা দেখানো হয়। সেখানে সৎমা কারিনা সম্পর্কে ইব্রাহিমের প্রশংসামূলক মন্তব্যের পাশাপাশি পরিবারের চমৎকার সুসম্পর্কের কথা উঠে আসে।
শোয়ে সাইফ ও কারিনাও তাদের পারিবারিক বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেন।
ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের ‘হিরো’ ও আদর্শ হিসেবে উল্লেখ করেন ইব্রাহিম। কেবল একজন তারকা হওয়ার জন্য নয়, বরং জীবনের কঠিন লড়াই ও নানা চড়াই-উতরাই পেরিয়ে আসার জন্যই তিনি বাবাকে বেশি শ্রদ্ধা করেন বলে জানান।
সাইফের জীবনের নানা স্বাস্থ্যগত সমস্যা ও অতীতে বান্দ্রার বাসভবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার কথা উল্লেখ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। ড্যাড, তুমি আমার আদর্শ। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরিকাঘাতের ঘটনা— সবকিছুর পরেও তুমি শক্তভাবে টিকে আছো। আর সেই কারণেই তুমি আমার হিরো এবং সবসময় এভাবেই থাকবে।’
এরপর করিনা কাপুর খানকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আর বেবো, আমি চাই তুমি জেনে রাখো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা (স্টেপ-মাদার)। তুমি সবসময় আমাদের পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’
শোয়ের শেষে কার হাতে উপহার যাওয়া উচিত, এমন প্রশ্নে বিন্দুমাত্র দ্বিধা না করে বাবার নামই উল্লেখ করেন ইব্রাহিম।
পারিবারিক এই সুসম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাইফ আলি খান জানান, একটি পরিবারকে সুন্দরভাবে এক সুতোয় বেঁধে রাখার পেছনে কারিনার অবদান অনেক। প্রথম পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার চমৎকার সম্পর্ক গড়ে ওঠার পুরো কৃতিত্ব তিনি স্ত্রীকে দিলেও সবার পারস্পরিক সহযোগিতাকেও সাধুবাদ জানান।
অভিনেতা বলেন, ‘সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই করিনাকে এবং বাকিদের দেবো, কারণ এই বিষয়গুলো দুদিক থেকেই কাজ করে।’
অন্যদিকে, ইব্রাহিমের সঙ্গে তার ছোট দুই ভাই তৈমুর ও জেহের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, তৈমুর ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে ভীষণ ভালোবাসে এবং তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে।
করিনার ভাষায়, ‘তৈমুর ও জেহ ইব্রাহিমকে খুব ভালোবাসে। ওরা ওর মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিমও ওদের সঙ্গে সময় দিতে চেষ্টা করে।’

