অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
সিনেমায় নাচের দৃশ্যে রজনীকান্ত
|
ফলো করুন |
|
|---|---|
সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সান গ্রুপ ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানের বিয়ের রেশ কাটছে না ভক্তদের মনে। গ্রিসের এক মনোরম লোকেশনে বুধবার (১১ নভেম্বর) অত্যন্ত গোপনীয় ও ঘরোয়া আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি। আর এই বিয়েতে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধের বিয়েতে নেচে গেয়ে দারুণ সময় কাটাচ্ছেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত। ভিড়ের মাঝে তার এই প্রাণবন্ত উপস্থিতি দেখে রীতিমতো আনন্দিত ভক্তরা।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, অনিরুদ্ধের নিজের সুর করা এবং রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার হিট ছবি ‘ভেত্তাইয়ান’-এর জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’-এর তালে উদ্দাম নাচছেন খোদ ‘থালাইভা’। নতুন দম্পতি ও মারান পরিবারের সঙ্গে তার এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস মুহূর্তেই নজর কেড়েছে সবার।
গত ১০ নভেম্বর ঐতিহ্যবাহী তামিল রীতিতে ‘নিচায়থার্থম’ বা বাগদান পর্বের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের মূল অনুষ্ঠান। এরপর ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ ও কাব্য।
পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন। রজনীকান্ত ছাড়াও তার স্ত্রী লতা রজনীকান্তও গ্রিসে এই বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন।
বিয়ের পর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তের কথা ভক্তদের জানান অনিরুদ্ধ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের একমাত্র প্রাপ্তি, আজীবনকালের জন্য ১১.১১।’
বিয়েতে অনিরুদ্ধ ও কাব্যের চমৎকার পোশাকের সাজও বেশ প্রশংসিত হয়েছে। কনে কাব্য পরেছিলেন রুপালি ও সোনালি কারুকাজ করা একটি চমৎকার আর্থি ব্রাউন রঙের আউটফিট, যার সঙ্গে মানানসই মুক্তো ও পুঁতির কাজ করা স্কার্ট সবার নজর কাড়ে।
অন্যদিকে অনিরুদ্ধ পরেছিলেন ক্রিমের ওপর পাম গাছ ও সমুদ্রের ঢেউয়ের এমব্রয়ডারি করা একটি জ্যাকেট।
গ্রিসে বিয়েটি একান্ত ব্যক্তিগত পরিসরে হলেও আগামী ২১ নভেম্বর চেন্নাইতে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন) পার্টির আয়োজন করতে চলেছেন এই নবদম্পতি। চলচ্চিত্র, রাজনীতি ও ব্যবসায়ী মহলের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
গুঞ্জন রয়েছে, এই গ্র্যান্ড রিসেপশনের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের কাছেও।

-6af54fe23ebfb.jpg)