Logo
Logo
×

Advertisement

বিনোদন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

ফাইল ছবি

Advertisement

কথাটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে, কিংবা ঘিনঘিনে একটা অনুভূতি ছড়িয়ে পড়বে সারা শরীরে। অথচ বলিউড তারকা পরেশ রাওয়াল ঠিক সেটাই করেছিলেন! শুধু একদিন নয়, টানা পনেরো দিন ধরে ঘুম থেকে জেগে প্রতিদিন সকালে নিজের প্রথম প্রস্রাব পান করতেন তিনি। নেহাতই খেয়ালের বশে নয়, একটি বিশেষ শারীরিক জটিলতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এমন উপায় বেছে নিয়েছিলেন এই অভিনেতা।

ঘটনাটি প্রায় তিন দশক আগের, নব্বইয়ের দশকের শেষ দিকের কথা। বলিউডের রূপালি পর্দায় তখন জোরকদমে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল। তাঁরই বহুল আলোচিত সিনেমা ‘ঘাতক’-এর শুটিং সেটে হঠাৎই মারাত্মক দুর্ঘটনায় পড়েন পরেশ রাওয়াল; হাঁটুর হাড় ও পায়ে পান মারাত্মক আঘাত। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অভিনেতার মনে হয়েছিল বুঝি এখানেই ইতি টানতে হচ্ছে তার অভিনয় ক্যারিয়ারের! সেই কঠিন বিপদের দিনে বাধ্য হয়েই অদ্ভুত এই ঘরোয়া দাওয়াইয়ের সাহায্য নেন তিনি। আর অবিশ্বাস্য হলেও সত্যি, তাতে চমৎকার ফলও পেয়েছিলেন পরেশ। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজেই ফাঁস করেছিলেন এই অজানা গল্প। খবর আনন্দবাজার অনলাইনের।

অভিনেতা বলেছেন, ওই ‘ওষুধ’-এর প্রেসক্রিপশন এসেছিল বলিউডের খ্যাতনামী অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের কাছ থেকে। যিনি বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা। তিনি পরেশকে ওই ‘ওষুধ’ খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তার পেশার লোকজন চোট সারানোর ওষুধ হিসাবে নিজের প্রস্রাব সেবন করে থাকেন। পরেশ জানিয়েছেন বীরু ‘গ্যারান্টি’ দিয়ে তাকে বলেছিলেন, ওটি পান করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না। পরেশ অবশ্য তখনো  জানতেন না, এই চিকিৎসা নাকি গোটা বিশ্বে চালু রয়েছে। ভারতের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এর উল্লেখ তো রয়েছেই। প্রাচীন মিশর, গ্রিস, রোমেও মূত্রের দ্বারা চিকিৎসার কথা বলে গিয়েছেন জ্ঞানীরা। যাকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাগিয়া।

পরেশ সেই সময়ের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন এক সাক্ষাৎকারে। সময়টা ১৯৯৬ সাল। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ ছবির একটি দৃশ্যে তাকে বাজারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা অভিনেতা রাকেশ পাণ্ডের। মহড়ার সময় ব্যাপারটা হালকাই ছিল। কিন্তু আসল শুটিংয়ের সময় টানটা একটু জোরে হয়ে গেল। পরেশের পায়ের জুতোটাও ছিল পিচ্ছিল। তিনি সজোরে হাঁটু ঠুকে পড়লেন রাস্তার উপরে। মারাত্মক জখম হল পা। ছবির অন্য অভিনেতা টিনু আনন্দ আর ড্যানি ডেনজোংপা তাকে নিয়ে ছুটলেন নানাবতী হাসপাতালে। চিকিৎসক বলেই দিয়েছিলেন, ঠিকঠাক উঠে দাঁড়াতে অন্তত দুমাস সময় লাগবে। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল পরেশ দেড়মাসেই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। সাক্ষাৎকারে পরেশ জানিয়েছেন, তাঁর চিকিৎসকেরাও অবাক হয়ে গিয়েছিলেন তার দ্রুতগতির নিরাময়ে। পরেশ এখনও মনে করেন, সেই দ্রুত নিরাময়ের নেপথ্যে ছিল বীরুর দেওয়া ওষুধের কেরামতি।

বীরু পরেশকে বলেছিলেন, সকালের খালি পেটে তার প্রথম প্রস্রাব পান করতে। একই সঙ্গে বলেছিলেন, তার আগের রাতে তিনি যেন কোনো রকম অ্যালকোহল পান না করেন। পরেশ জানিয়েছেন, তিনি ঠিক করেন তিনি বীরুর বলা ‘ওষুধ’ পরখ করে দেখবেন। আর খাবেনই যখন, ভাল করে খাবেন। পরেশ বলেছেন, তিনি ওই প্রস্রাব কোনও মতে গলাধঃকরণ না করে আস্তে আস্তে চুমুক দিয়ে বিয়ারের মতো করে খেতে শুরু করেন। আর এই কাজটি তিনি করেছিলেন ১৫ দিন ধরে। ১৫ দিন পরে পরেশ আবার এক্স রে করান পায়ের। অভিনেতা জানিয়েছেন, রিপোর্ট দেখে চিকিৎসকেরা অবাক হয়ে যান। পরেশের কথায়, তারা আমার পায়ের সেরে ওঠার গতি দেখে চমকে গিয়েছিলেন।

সত্যিই কি ইউরিন থেরাপি এতটা কার্যকরী?

ভারতীয় চিকিৎসা শাস্ত্র সুশ্রুত সংহিতা থেকে শুরু করে, মিশরের চিকিৎসা বিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাসে এই চিকিৎসা পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। চিনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রেও এর উল্লেখ রয়েছে। এছাড়া প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডারও তাঁদের লেখায় চিকিৎসার পদ্ধতিতে প্রস্রাবের ব্যবহারের কথা লিখেছেন।

পরবর্তী কালে ব্রিটেনের ন্যাচরোপাথ জন ডব্লু আর্মস্ট্রং ১৯৪৪ সালে প্রকাশিত তার বই ‘দ্য ওয়াটার অফ লাইফ’-এ ইউরিন থেরাপির সুফল নিয়ে আলোচনা করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছিলেন। বস্তুত তিনি তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের রহস্য হিসেবে নিয়মিত স্বমূত্র পানের কথা প্রকাশ্যেই বলেছিলেন, যা নিয়ে সেই সময়ও বিস্তর আলোচনা হয়েছিল। যদিও বিজ্ঞান এই চিকিৎসা পদ্ধতিকে মানে না। বিভিন্ন গবেষণাতেও এই পদ্ধতিতে নিরাময়ের কোনও প্রমাণ মেলেনি।

আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট জানাচ্ছে, প্রস্রাবের ৯৫ শতাংশ জল হলেও বাকি অংশে থাকে শরীরের পরিত্যক্ত বর্জ্য পদার্থ ও নুন। এমনকি, ব্যাক্টেরিয়াও থাকতে পারে তাতে। যা পুনরায় শরীরে প্রবেশ করলে উপকারের চেয়ে অপকারই বেশি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞানের যুক্তি মানলে যে কোনও আঘাত কত দ্রুত সারবে, তা নির্ভর করে শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা এবং অবশ্যই চিকিৎসা পদ্ধতির উপর। সেখানে শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রস্রাবের আলাদা কোনও ভূমিকা নেই। ফলে পরেশের ঘটনাটি একটি আশ্চর্য গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে থেকে গেলেও তা বিজ্ঞান নির্ভর চিকিৎসা পদ্ধতির বিকল্প কখনওই হতে পারে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

বক্স অফিসে ৮০০ কোটির ঝড়

বক্স অফিসে ৮০০ কোটির ঝড়

আরও পড়ুন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম