ওমর সানী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড অভিনেতা ওমর সানীর শোকের মধ্যে দিন কাটছে। কারণ তার পোষা বিড়ালটি মারা গেছে। আদর করে তাকে ‘পুচকি’ ও ‘অ্যাঞ্জেল’ বলে ডাকতেন এ অভিনেতা।
দীর্ঘদিনের সঙ্গীর মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। সেখানে নানা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি।
এ খবরটি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন ওমর সানী। সেই পোস্টে তিনি লিখেছেন— ‘আজ আমার জীবনের ভীষণ কষ্টের একটি দিন। আমার আদরের সাদা বিড়ালটি, আমার অ্যাঞ্জেল, যাকে আমি ভালোবেসে পুচকি বলে ডাকতাম, আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল।’
পোষা বিড়াল পুচকির সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ তিনি বলেন, তাকে ছাড়া থাকতে পারত না। আমি বাইরে থেকে ফিরলে অপেক্ষায় বসে থাকত। খাওয়ার সময় পেছনে পেছনে ঘুরে মিষ্টি স্বরে ডাকত ‘মা মা মা’।
গোসল করানোর সময় অন্য কাউকে কাছে আসতে না দিলেও তার কাছে ঠিকই নিজেকে সঁপে দিত পুচকি বলে জানান ওমর সানী। গোসল করিয়ে, হেয়ার ড্রাই করে আদর করে সাজিয়ে দিতেন তিনি।
একবার গুরুতর অসুস্থ হয়ে প্রায় ২১-২২ দিন আইসিইউতে ছিল বিড়ালটি। সেই সময় তার সুস্থতার জন্য অনেক কান্নাকাটি ও দোয়া করেছিলেন অভিনেতা। তখনই মনে হয়েছিল, হয়ত কোনো একদিন তাদের একজন আরেকজনকে ছেড়ে যেতে হবে। তবে এত দ্রুত সেই দিন আসবে, তা ভাবেননি বলে জানান এ অভিনেতা।
ওমর সানী বলেন, পুচকি চলে গেলেও তার অপেক্ষা, ডাক ও ছোটাছুটি আর অভিমান ঘরের প্রতিটি কোণে রয়ে গেছে। তার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথায় পাবেন, সেই প্রশ্নও রেখেছেন তিনি। সবশেষে আদরের পুচকির শান্তি কামনা করে তিনি বলেন, ‘ভালো থেকো আমার ছোট্ট অ্যাঞ্জেল। যেখানেই থাকো, শান্তিতে থেকো। তোমাকে আমি কোনো দিন ভুলব না।’

