জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
পরীমনি
|
ফলো করুন |
|
|---|---|
এ মুহূর্তে অভিনেত্রী পরীমনি সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনায় তিনি। আদালত প্রাঙ্গণের ঘটনার পর সামাজিক মাধ্যমে দেওয়া নানা বক্তব্য ও পোস্ট নিয়েও চলছে নেটিজেনদের মাঝে বিস্তর সমালোচনা।
সম্প্রতি এসবের মাঝেই অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন পরীমনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেখা হচ্ছে’।
পরীমনির এমন পোস্ট ঘিরে নতুন করে নেটিজেনদের মাঝে কৌতূহল শুরু হয়েছে। তবে কার সঙ্গে বা কোথায় দেখা হওয়ার কথা জানিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু লেখেননি তিনি। অভিনেতার সঙ্গে তার এ ছবির পেছনে কোনো নতুন কাজের পরিকল্পনা আছে কিনা, সেটিও স্পষ্ট নয়।
এর আগে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়ান অভিনেত্রী। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেই ঘটনায় পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং হেনস্তার অভিযোগ ওঠে।
এ বিষয়ে অভিনেত্রীর অভিযোগ ছিল— ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যও গণমাধ্যমে সামনে আসে। এরপর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট ও বক্তব্যেও সাংবাদিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
এ ঘটনাটির প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের আপত্তির মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেও বাদ পড়েন পরীমনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ওই আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল। এমন পরিস্থিতির মধ্যেই জয় চৌধুরীর সঙ্গে ছবি দিয়ে ‘দেখা হচ্ছে’ লেখায় পরীমনির পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এটি কি কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার ইঙ্গিত, নাকি নতুন কোনো কাজের আভাস তা অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
