দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
|
ফলো করুন |
|
|---|---|
কনসার্ট মানেই উন্মাদনা। প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখা, আর তার গানের সঙ্গে গলা মেলানো, নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠা— সব মিলিয়ে এক অন্য রকম অভিজ্ঞতা। কিন্তু সেই কনসার্টেই যদি থাকে একগুচ্ছ বিধিনিষেধ, তাহলে জমবে কি কনসার্ট?
এমনই পরিস্থিতির মুখোমুখি পড়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আসন্ন আহমেদাবাদ কনসার্টের আগে একাধিক বিষয়ে সতর্কতা জারি করেছে গুজরাটের শিশু সুরক্ষা দপ্তর।
তার আসন্ন আহমেদাবাদ কনসার্টে মঞ্চে কোন গান গাওয়া যাবে না, কী ধরনের পোশাক পরা যাবে না— এমনকি শিশুদের মঞ্চে ডেকে নেওয়া নিয়েও আপত্তি জানানো হয়েছে।
আগামী ২১ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করার কথা রয়েছে সংগীতশিল্পী দিলজিত দোসাঞ্জের। তার ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে এ অনুষ্ঠান।
সেই কনসার্টের আগেই আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা তানভিকা পারমার শহরের পুলিশ কমিশনার অনুপম সিং গহলৌতকে একটি চিঠি দিয়েছেন। সেখানে দিলজিতের অনুষ্ঠান ঘিরে কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে।
প্রশাসনের আপত্তির কারণ হচ্ছে— দিলজিতের চারটি জনপ্রিয় গান। ‘পটিয়ালা পেগ’, ‘৫ তারা ঠেকে’, ‘জেব ভিচো ফিম’ এবং ‘জাট ফায়ার করদা’— এ গানগুলো কনসার্টে পরিবেশন না করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা।
শুধু এটাই নয়, গানের কথা পরিবর্তন করেও যাতে এই গানগুলো পরিবেশন করা না হয়, সে বিষয়েও আপত্তি জানানো হয়েছে।
কেন এই আপত্তি? এমন প্রশ্নের উত্তরে সেই কর্মকর্তা বলেন, গানগুলোতে মদপান, মাদকদ্রব্য, অস্ত্র ও হিংসার প্রসঙ্গ রয়েছে। এ ধরনের গান নেশার প্রবণতা ও হিংসাত্মক সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। বিশেষত অল্পবয়সি শ্রোতাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
