‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ফেসবুক থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন, এমন ভালো মানুষ হওয়ার দরকার নেই, যে ভালো মানুষ হলে পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়। চারপাশের সবাইকে সুস্থতার সঙ্গে বেঁচে থাকার জন্য দোয়া করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জয়।
পোস্টে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে প্রয়াত এক স্বজনের স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, আমাদের দুইটা বাড়ি। নানার বাড়ি আর দাদার বাড়ি। ছবিটি নানার বাড়ির কাজিনদের। এতদিন নানা-নানি, দাদা-দাদি, বাবা, চাচা, মামা-মামী হারিয়েছি বহু। আমরা ছিলাম পোলাপান। পোলাপানের মুরুব্বি ছিলেন মুনমুন আপার স্বামী গোফরান ভাই।
গোফরান ভাইয়ের জানাজার কথা উল্লেখ করে জয় লেখেন, আমাদের মুরুব্বির আজ জানাজা। বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন মসজিদে।
ছবিতে থাকা স্বজনদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের কথা তুলে ধরে তিনি লেখেন, ছবির সবার সঙ্গে সবার ভুল বোঝাবুঝি আছে। রাগ আছে, অভিমান আছে। আগেও ছিল। ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই ছবির সবাইকে যদি জিজ্ঞেস করেন, আমাদের ভেতরের সেরা মানুষ কে? আমি নিশ্চিত, সবাই এক বাক্যে গোফরান ভাইয়ের কথাই বলবে।
ছোটবেলা থেকে ভালো মানুষের আয়ু কম হওয়ার কথা শুনে আসার প্রসঙ্গ টেনে জয় লেখেন, ছোটবেলা থেকে শুনতাম ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এ কথার সত্যতা কী জানি না। তবে চারপাশে তাই তো দেখি। ছবির বাকি মানুষগুলো খারাপ মানুষ হয়েই বেঁচে থাকুক। তাও বেঁচে থাকুক। এমন ভালো মানুষ হওয়ার দরকার নেই, যে ভালো মানুষ হলে পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যেতে হয়।
পোস্টের শেষাংশে সবার সুস্থতা কামনা করে তিনি লেখেন, আল্লাহ চারপাশের সবাইকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রাখুক। আল্লাহ মহান।

