Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শনের প্রশ্নটি নতুন নয়। দেশীয় সিনেমাশিল্পকে রক্ষার যুক্তিতে কয়েক দশক ধরে এর বিরোধিতা করে আসছেন পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের একটি অংশ। অন্যদিকে, দর্শকসংকট, একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া এবং মানসম্মত সিনেমার অভাবে বিপর্যস্ত হলমালিকদের কাছে ভারতীয় সিনেমা হয়ে উঠেছে ব্যবসা টিকিয়ে রাখার সম্ভাব্য উপায়। শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বাংলাদেশে একই দিনে মুক্তির উদ্যোগ সেই পুরোনো বিতর্ককে আবার সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, বলিউডের সিনেমা নিয়মিত বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দেশীয় সিনেসার বাজার কি সংকুচিত হবে, নাকি দর্শক ও বিনিয়োগ বাড়ার মধ্য দিয়ে পুরো সিনেমাশিল্পই উপকৃত হবে বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।

Icon

এফ আই দীপু

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশে ভারতীয় সিনেমা প্রদর্শনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৭২ সালে তৎকালীন সরকার ভারতীয় সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। স্থানীয় সিনেমা শিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তবে ২০১০ সালের ২৫ এপ্রিল তৎকালীন সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানালে ঢাকাই সিনেমা অঙ্গনে প্রতিবাদের ঝড় ওঠে। প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের আন্দোলনের মুখে তখনই সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে। এর আগে ১৯৯০-এর দশকে দেশে প্রায় ১ হাজার ৪০০টি প্রেক্ষাগৃহ থাকলেও ২০১০ সালে সেই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে প্রায় ৬০০-তে নেমে এসেছিল। প্রেক্ষাগৃহ মালিকদের যুক্তি ছিল, ভালো সিনেমার অভাবেই দর্শক হারাচ্ছে প্রেক্ষাগৃহ। তাই তারা ভারতীয়, তথা হিন্দি সিনেমা আমদানির জন্য সরকারের প্রতি আবেদন জানায় এবং আদালতের দ্বারস্থ হয়।

এরপর ২০১১ সালে আদালতের সিদ্ধান্তের পর ভারতীয় সিনেমা প্রদর্শনের পথ কিছুটা খুলে যায়। ওই সময় ভারত থেকে আমদানি করা তিনটি বাংলা সিনেমা ‘যোদ্ধা’, ‘বদলা’ ও ‘সংগ্রাম’ এবং নয়টি হিন্দি সিনেমা প্রদর্শনের জন্য অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। হিন্দি সিনেমাগুলোর মধ্যে ছিল অমিতাভ বচ্চনের ‘শোলে’, শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ডন’, হৃতিক রোশনের ‘ধুম টু’, সালমান খানের ‘ওয়ান্টেড’ ও আমির খানের ‘থ্রি ইডিয়টস’। তবে সিনেসাগুলো পুরোনো হওয়ায় এগুলোর প্রতি দর্শকদের আগ্রহও দেমন একটা লক্ষ্য করা যায়নি।

পরবর্তীতে, ২০১৫ সালে সালমান খানের ‘ওয়ান্টেড’ বাংলাদেশে প্রদর্শনের উদ্যোগকে কেন্দ্র করে আবারও আন্দোলন শুরু হয়। তৎকালীন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খানসহ সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা এর প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামেন। প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের একাংশ কর্মবিরতিও পালন করেন। শেষ পর্যন্ত সিনেমাটি কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি। এ সিনেসার ব্যর্থতার কারণে পরবর্তী সময়ে আর কেউ হিন্দি সিনেমা আমদানির উদ্যোগ নেননি।

২০১৬ সালে দুই দেশের মধ্যে সিনেমা বিনিময় চুক্তির আওতায় কলকাতার ‘বেলাশেষে’ বাংলাদেশে মুক্তি পায়। একই দিনে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় বাংলাদেশের সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’’। ওই সময় কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা এবং বাংলাদেশের আমদানিকারকদের উদ্যোগে এ ধরনের সিনেমা বিনিময় কার্যক্রম এগিয়ে যায়। পরবর্তী সময়ে কলকাতার আরও কয়েকটি সিনেমা বাংলাদেশে প্রদর্শিত হয়। তবে ব্যবসার চিত্র আশাব্যঞ্জক ছিল না। জানা গেছে, সাত বছরে আমদানি করা ১৫টি ভারতীয় সিনেমাগুলোর কোনোটাই বাংলাদেশি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য পায়নি।

এ প্রসঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজের চেয়ারম্যান ইফতেখারউদ্দিন নওশাদ তখন অভিযোগ করে বলেছিলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় সিনেমা আমদানির প্রক্রিয়া দীর্ঘ হয়। ফলে ভারতে মুক্তির দুই-তিন মাস পর বাংলাদেশে সিনেমা প্রদর্শিত হতে হতে তা পাইরেসির শিকার হয়।’ প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়ার মতে, ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি দেওয়া গেলে এসব সিনেমা এ দেশে ভালো ব্যবসা করতে পারত। অন্যদিকে পরিচালক সমিতির তৎকালীন নেতা প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের এই ব্যর্থতাকে বিশ্লেষণ বরেছেন এভাবে, ভারতীয় সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে বাংলাদেশের দর্শকের আত্মিক সংযোগ তৈরি হয় না।

পরবর্তীতে আবপরও ভারতীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়ার বিষয়ে ২০২১ সালে সিনেমা সংশ্লিষ্ট তিনটি সংগঠন একমত হলেও বিষয়টি নিয়মিত হয়নি। এরপর ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে হিন্দি সিনেমার নতুন যাত্রা শুরু হয়। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন সিনেমাটি আমদানি করেন। ৪১টি প্রেক্ষাগৃহে প্রতিদিন প্রায় ২০০টি প্রদর্শনী নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম দিন মাল্টিপ্লেক্সগুলোর অধিকাংশ শো ছিল হাউসফুল। আগাম টিকিটও প্রায় শেষ হয়ে গিয়েছিল। শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ ভারতে রপ্তানি করে সাফটা চুক্তির আওতায় ‘পাঠান’ আমদানি করা হয়েছিল তখন।

এরপর একই বছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ যৌথভাবে সিনেমাটি আমদানি করে। প্রথম সপ্তাহেই বাংলাদেশে সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা, এমনটিই জানিয়েছিলেন অনন্য মামুন। ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির চাহিদা এতটাই বেড়েছিল যে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। মুক্তির ১১ দিন পরও প্রতিষ্ঠানটির পরবর্তী তিন দিনের টিকিট শেষ হয়ে গিয়েছিল। রাজধানীর ব্লকবাস্টার সিনেসাসেও এর দর্শকসমাগম ছিল চোখে পড়ার মতো। পরবর্তী সময়ে ৪২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। তবে দুর্গাপূজার সময় আমদানি নীতিমালার শর্তে এর প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ হয়।

‘পাঠান’-এর সাফল্যের পর একই বছর মুক্তি পায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং শাহরুখের ‘ডানকি’। তবে সব সিনেমা সমান ব্যবসা করতে পারেনি। বিশেষ করে মুক্তির সময় পিছিয়ে যাওয়ায় কিছু সিনেমা দর্শক হারায়। ২০২৪ সালের নভেম্বরে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’ বাংলাদেশে মুক্তি পায়। এর বিনিময়ে বাংলাদেশের ‘প্রহেলিকা’ ভারতে পাঠানো হয়। তবে এসব সিনেমার সুনির্দিষ্ট আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রদর্শক কিংবা আমদানিকারকরা জানায়নি।

এদিকে ভারতীয় সিনেমা প্রদর্শনের বিরোধিতার পেছনে দেশীয় সিনেমার বাজার হারানোর আশঙ্কা বড় ভূমিকা রেখেছে। ২০২৩ সালে ‘জওয়ান’ মুক্তির সময় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছিলেন, প্রয়োজনে তারা রাজপথে আন্দোলন করবেন। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও তখন ভারতীয় সিনেমা আমদানির বিরোধিতা করে বলেছিলেন, ভালো বাংলা সিনেমা নির্মাণ করতে পারলে দর্শক প্রেক্ষাগৃহে ফিরবেন। সিওনমার ১৯ সংগঠনও ভারতীয় সিনেমা আমদানির ক্ষেত্রে বিভিন্ন শর্তের দাবি জানিয়েছিল। ওই সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার আমদানি করা সিনেমার মুনাফার ১০ শতাংশ শিল্পী সমিতিকে দেওয়ার প্রস্তাবও করেছিলেন।

তবে বিরোধিতার পক্ষে যেমন যুক্তি রয়েছে, তেমনি ভারতীয় সিনেমার পক্ষে রয়েছে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা। ‘জওয়ান’ মুক্তির পর স্থানীয় সিনেমার ব্যবসায় প্রভাব পড়ার অভিযোগ উঠেছিল। পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানান, তার ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। অনেক প্রেক্ষাগৃহ তখনো ‘জওয়ান’ প্রদর্শন করায় দেশীয় সিনেমাটি প্রত্যাশিত প্রেক্ষাগৃহ পায়নি। পরিচালক এসডি রুবেলও অভিযোগ করেছিলেন, তার ‘বৃদ্ধাশ্রম’ ৩০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ১৮টিতে মুক্তি দিতে পেরেছিলেন। অন্যদিকে আমদানিকারক অনন্য মামুনের বক্তব্য ছিল, নিয়ম মেনেই সিনেমাটি আমদানি করা হয়েছে।

কিন্তু সময়ের সঙ্গে বিরোধিতার অবস্থানেও পরিবর্তন এসেছে। ২০২৪ সালের জুনে ডিপজল নিজেই ভারতীয় সিনেমা আমদানির বিষয়ে নমনীয় অবস্থান নেন। প্রদর্শক সমিতির সভায় তিনি বলেন, প্রেক্ষাগৃহ বাঁচাতে ভারতীয় হিন্দি সিনেমা আমদানিতে তার আপত্তি নেই। মূলত তার এই অবস্থান পরিবর্তন সিনেমা অঙ্গনের বাস্তব সংকটকেই সামনে নিয়ে আসে বলে সংশ্লিষ্টদের অভিমত।

তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানিয়েছিলেন, দেশে চালু প্রেক্ষাগৃহের সংখ্যা সবমিলিয়ে প্রায় ১৫০। তার দাবি, আগের বছর ‘তুফান’ ছাড়া উল্লেখযোগ্য কোনো সিনেমা প্রেক্ষাগুলোকে ভালো ব্যবসা দিতে পারেনি। কোনো কোনো সিনেমার একেকটি শোতে ১০০ টিকিটও বিক্রি হয়নি। তিনি আরও জানান, এ কয়টি প্রেক্ষাগৃহের সঙ্গে প্রায় দেড় হাজার কর্মী যুক্ত। এমন পরিস্থিতিতে বিদেশি সিনেমা আমদানি না করতে পারলে হলগুলো টিকিয়ে রাখা কঠিন। আর বর্তমানে সেই সচল প্রেক্ষাগৃহের সংখ্যা নেমে এসেছে ৫০টিরও কমে।

এদিকে ২০২৩ সালের ১১ এপ্রিল সরকার সাফটা চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে বছরে ১০টি উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি দেয় তৎকালীন সরকার। এর বিপরীতে সমসংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানির শর্ত রাখা হয়। আমদানি করা সিনেমার সেন্সর ছাড়পত্র, বাংলা উপশিরোনাম এবং ঈদ ও দুর্গাপূজার সময় প্রদর্শনী বন্ধ রাখার শর্তও রয়েছে। অর্থাৎ বিদেশি সিনেমার জন্য পুরো বাজার উন্মুক্ত করে দেওয়া হয়নি; বরং নির্দিষ্ট নিয়মের মধ্যে প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে।

এই বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ খানের ‘কিং’। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের চুক্তি হয়েছে। ১২ নভেম্বর সরকারের কাছে অনুমতির কাগজপত্র জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সিনেমাটি ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তির জন্য নির্ধারিত। বাংলাদেশেও একই দিনে মুক্তির চেষ্টা করছেন অনন্য মামুন। সাফটা চুক্তির শর্ত অনুযায়ী এর বিনিময়ে বাংলাদেশের ‘জংলি’ সিনেমাটি ভারতে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

এটা ঠিক যে, ভারতীয় সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য নিঃসন্দেহে প্রতিযোগিতা তৈরি করবে। বিশেষ করে একই সময়ে বড় বাজেটের বলিউড সিনেমা মুক্তি পেলে প্রচারণা, তারকা জনপ্রিয়তা ও হলসংখ্যার বিবেচনায় দেশীয় ছোট ও মাঝারি বাজেটের সিনেমা চাপে পড়তে পারে। আবার অন্যদিকে বিদেশি সিনেমা দর্শককে প্রেক্ষাগৃহমুখী করতে পারে, হলমালিকদের আয় বাড়াতে পারে, প্রদর্শনী ব্যবস্থায় বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট আমদানি ও প্রদর্শন নীতিমালা, দেশীয় সিনেমার জন্য পর্যাপ্ত হল নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সমান সুযোগে চলচ্চিত্র বিনিময়।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ রাখলেই যে বাংলাদেশের সিনেমা শিল্প শক্তিশালী হবে, এমন নিশ্চয়তা নেই। আবার অবাধ আমদানিও দেশীয় শিল্পের জন্য নিরাপদ সমাধান নয়। বরং মানসম্মত সিনেমা নির্মাণ, দেশীয় প্রযোজকদের সুরক্ষা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করাই হতে পারে সিনেমাশিল্পকে বাঁচানোর কার্যকর পথ। দর্শক শেষ পর্যন্ত যে সিনেমায় ভালো গল্প, নির্মাণ ও বিনোদন পাবেন, সেটিই দেখতে চাইবেন। সেই দর্শককে ধরে রাখার দায়িত্ব দেশীয় সিনেমা নির্মাতাদেরও নিতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

হিন্দি সিনেমায় কি বাঁচবে দেশের প্রেক্ষাগৃহ?

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

পাকিস্তানি সিনেমার বাজারে চোখ শাকিবের

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

সাবেক প্রেমিকের সঙ্গেই আরিয়ানা গ্রান্ডের নতুন ইনিংস!

মঞ্চ সংবাদ মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

মঞ্চে আজ মোমেনা চৌধুরীর নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম