Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির ব্যক্তিগত জীবন ও পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় অভিনেতা ইয়াশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন কিয়ারা। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, বিষয়টি নিয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার কোনো আপত্তিই ছিল না।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে স্বামী সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন কিয়ারা। সেখানেই সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। কিয়ারা বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহান্তে দর্শকদের প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম’। তিনি জানান, প্রথম দিন থেকেই বিষয়টি ছিল হৃদয়বিদারক। সিনেমাটি নিয়ে পুরো দলের প্রত্যাশা ছিল অনেক বেশি। শুরুটা ভালো হলেও দর্শকদের প্রতিক্রিয়া প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন কিয়ারা। বিশেষ করে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার অভিনয়জীবনে এ চরিত্রটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে’।

সিনেমার ‘তাবাহি’ গান প্রকাশের পর ইয়াশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচক তার অভিনয় সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত জীবন, বিয়ে ও মাতৃত্বকে জড়িয়ে নানা মন্তব্য করেন। এমনকি সিদ্ধার্থের প্রতিক্রিয়া নিয়েও শুরু হয় জল্পনা।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর বিষয়টিতে পুরুষ ও নারী অভিনয়শিল্পীদের প্রতি সমাজের দ্বৈত মনোভাবের প্রসঙ্গ তোলেন। তার পর্যবেক্ষণ, বিবাহিত পুরুষ অভিনেতারা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে সাধারণত এমন প্রশ্নের মুখে পড়েন না, অথচ নারী অভিনেত্রীদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন।

জবাবে কিয়ারা স্পষ্ট করে বলেন, ‘সিদ্ধার্থ বিষয়টি নিয়ে কখনোই বিরক্ত হননি। এমনকি এ নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি। সিদ্ধার্থ এ বিষয়ে কোনো প্রশ্ন করেননি, বিষয়টি তাকে প্রভাবিতও করেনি’।

কিয়ারা আরও বলেন, ‘বলিউডে নারী অভিনেত্রীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে কয়েক দশক ধরেই। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বহু অভিনেত্রীকে অতীতে একই ধরনের বিচার ও সমালোচনার শিকার হতে হয়েছে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনার ভণ্ডামি নিয়ে সরব হয়েছেন’। তাই নিজের সিদ্ধান্তের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় ইয়াশকে দেখা গেছে রায়া ও রুমি-দুটি চরিত্রে। স্বাধীনতাপরবর্তী গোয়ার অপরাধ জগতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় কিয়ারার চরিত্রের নাম নাদিয়া। এ চরিত্রে তিনি দারুণ কাজ করেছেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

গুঞ্জনে মুখ খুলছেন না সাবিলা

গুঞ্জনে মুখ খুলছেন না সাবিলা

গাজী মাজহারুল স্মরণে এফডিসি

গাজী মাজহারুল স্মরণে এফডিসি

ঢাকায় উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী

ঢাকায় উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম