জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে পর্দা নামবে ‘দার-ই-নিজাত’-এর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনায় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। শুধু পাকিস্তানেই নয়, ভারত, বাংলাদেশ, নেপালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এর দর্শক তৈরি হয়েছে।
তবে নাটকটির শেষ নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই। এবার জানা গেল, কত পর্বে শেষ হতে পারে জনপ্রিয় এই ধারাবাহিক।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইট-এর এক প্রতিবেদন অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক বিশ্লেষক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য বলছে, প্রথমে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনে পর্বসংখ্যা ৪২ করা হয়েছে।
নিজের একটি ভ্লগে সোনিয়া রাও জানান, নাটকটির সমাপ্তি নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য সুখবর রয়েছে। এখনই শেষ হচ্ছে না ‘দার-ই-নিজাত’। সামনে আরও কয়েকটি পর্ব উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা। এমনকি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা অব্যাহত থাকলে পর্বের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
নাটকটির জনপ্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। অনেক দর্শক জানিয়েছেন, গল্পের প্রতি ভালোবাসা থেকে তারা এর হাজার পর্বও দেখতে রাজি। তবে অন্য একদল দর্শকের আশঙ্কা, শুধু জনপ্রিয়তার কারণে গল্প অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ হারিয়ে যেতে পারে।
উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দার-ই-নিজাত’। থ্রি এস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে ধারাবাহিকটি।
নাটকটির কেন্দ্রীয় গল্প আবুবকর ও জারিয়াবের ভালোবাসা এবং জীবনের নানা পরিবর্তনকে ঘিরে। আবুবকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। সামনের পর্বগুলোতে তাদের গল্প কোন দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত নির্মাতারা কত পর্বে নাটকটির ইতি টানেন, তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

