Logo
Logo
×

Advertisement

বিনোদন

ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ছবি: সংগৃহীত

Advertisement

জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে তিনি হতে যাচ্ছেন জেমস বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।

সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে সিরিজটির আগের সব পোস্ট সরিয়ে দেওয়া হয়। এরপর সেখানে ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তাটি প্রকাশ করা হয়।

পরে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে। ছবিতে তাকে জেমস বন্ডের পরিচিত কালো টাক্সেডো পরা অবস্থায় দেখা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাটিনসনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রে নতুন যুগের সূচনা হবে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭ হওয়ার দায়িত্ব পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এই চরিত্রে অভিনয় করা স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু।


দীর্ঘদিন ধরে চলা বাছাইপ্রক্রিয়ার পর প্যাটিনসনকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় আরও ছিলেন জশ ও'কনর ও ক্যালাম টার্নারসহ পাঁচজন অভিনেতা। শুক্রবার থেকেই প্যাটিনসনের নাম আলোচনায় আসে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তার জন্য চুক্তির শর্ত বেশি অনুকূল হওয়ার খবর প্রকাশের পর জেমস বন্ড হিসেবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ে।

ড্যানিয়েল ক্রেগের শেষ জেমস বন্ড চলচ্চিত্র ছিল ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটি দিয়ে ০০৭ চরিত্রে তার পাঁচ পর্বের যাত্রা শেষ হয়। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে অভিষেক হয়েছিল ক্রেগের। তার অভিনীত ‘স্কাইফল’ বিশ্বজুড়ে ১১০ কোটি ডলারের ব্যবসা করে।


প্যাটিনসনের অভিনীত পরবর্তী বন্ড ছবিটি হবে সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ এবং ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’ নামে দুটি অনানুষ্ঠানিক ছবি ধরলে মোট সংখ্যা দাঁড়ায় ২৮।

নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি হবে অ্যামাজন-এমজিএম স্টুডিওর অধীনে নির্মিত প্রথম জেমস বন্ড চলচ্চিত্র। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে সিরিজটির স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি।

ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের পরিচালক ডেনিস ভিলেন্যুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকাল।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০০৫ সালে পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ব্যাটম্যান চরিত্রেও অভিনয় করেন তিনি।

এর আগে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান ও ড্যানিয়েল ক্রেগ। ১৯৬২ সালে ‘ড. নো’ ছবির মাধ্যমে শন কনারির হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হয় জেমস বন্ডের।

এখন পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে মোট ৭৮০ কোটি ডলারের ব্যবসা করেছে। চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিরিজগুলোর মধ্যে এটি পঞ্চম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পুলিশের ভুলে পেলেন মুক্তি

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পুলিশের ভুলে পেলেন মুক্তি

অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট, ‘বেঁচে গেলাম’

অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট, ‘বেঁচে গেলাম’

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

নতুন সিনেমার জন্য চুল ছোট করে আলোচনায় সাই পল্লবী

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

আরও পড়ুন

ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি

আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি

না ফেরার দেশে বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী

না ফেরার দেশে বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম