খাঁট ভেঙে ফেলেছিলেন সালমান-মাধুরী: পরিচালক সুরজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
ব্লকবাস্টার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সালমান ও মাধুরী
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম আইকনিক ও ব্লকবাস্টার সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন..!’। এই ছবির প্রতিটি দৃশ্যই আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে জানেন কি, এই ছবির সবচেয়ে জনপ্রিয় একটি দৃশ্য তৈরি হয়েছিল পরিচালক সুরজ বরজাতিয়ার ছোটবেলার এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায়?
সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র পঞ্চম সিজনে এসে সেই মজার তথ্য ফাঁস করেছেন খোদ পরিচালক।
শো-তে অভিনেতা আয়ুষ্মান খুরানার এক প্রশ্নের জবাবে সুরজ বরজাতিয়া জানান, ছবির সেই বিখ্যাত দৃশ্যটি— যেখানে সালমান খান ও মাধুরী দীক্ষিত জুতো চুরির পর দৌড়াতে শুরু করেন এবং শেষ পর্যন্ত একটি খাটে পড়ে সেটি ভেঙে ফেলেন— তার নেপথ্যে রয়েছে পরিচালকের তেরো বছর বয়সের এক স্মৃতির কথা।
পরিচালকের ভাষ্যমতে, ১৩ বছর বয়সে মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে এক তরুণী তার এক চাচাতো ভাইকে চড় মেরেছিলেন। এর প্রতিশোধ নিতে তিনি ওই তরুণীর পেছনে দৌড়াতে শুরু করেন। সেই তাড়া করতে করতেই একসময় দুজনে মিলে একটি খাটে গিয়ে পড়েন এবং খাটটি ভেঙে যায়!
দীর্ঘ বছর পর নিজের শৈশবের সেই মজার ঘটনাই রুপালি পর্দায় ফুটিয়ে তোলেন তিনি, যা পরবর্তীতে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।
আলাপচারিতার এক পর্যায়ে সুরজ বরজাতিয়ার শান্ত স্বভাব নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা পূরণ সিং। পরিচালক সত্যিই কখনো রাগ করেন কিনা, তা নিয়ে উপস্থিত অভিনয়শিল্পীরা জানান যে তিনি খুব একটা মেজাজ হারান না।
তবে মুচকি হেসে পরিচালক কিছুটা ভিন্ন সুরেই বলেন, অভিষেক ও কারিনা হয়তো তার রাগের অন্য কোনো গল্প বলতে পারবেন! এ ছাড়া, কাউকে বলা তার সবচেয়ে খারাপ কথা কী ছিল— এমন প্রশ্নে তিনি রসিকতা করে অর্চনাকে পরামর্শ দেন সালমান খানের কাছ থেকেই শুনে নিতে যে তিনি তাকে কতটা বকেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন..!’ সিনেমাটি মুক্তির পর ভারতীয় পরিবারগুলোতে এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছিল। সালমান ও মাধুরীর দুর্দান্ত রসায়নের পাশাপাশি ছবিটির গান— যেমন ‘দিদি তেরা দেভার দিওয়ানা’, ‘পহেলা পহেলা প্যায়ার’ কিংবা ‘জোটে দে দো পয়সে লে লো’ আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।

