পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে যে দশা হয়েছিল দীপিকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয় শিক্ষার ক্লাসে পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এমনকি হতাশায় চোখে পানিও এসে গিয়েছিল তার। সম্প্রতি গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে সেই পুরোনো স্মৃতি তুলে ধরেন অভিনেতা অনুপম খের। অভিনয়ের কৌশল রপ্ত করতে নিয়মিত অনুশীলনের গুরুত্ব বোঝাতেই দীপিকার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি।
ফারাহ খানের পরিচালনায় ও শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার আগে মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা পাড়ুকোন।
অনুপম বলেন, ‘দীপিকা পাড়ুকোন সেই সময় পরিচিত মডেল ছিল। ফারাহ ওকে শাহরুখ খানের সঙ্গে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ওটা ছিল তিন মাসের কোর্স। মডেল হওয়ায় এবং অত্যন্ত শিক্ষিত পরিবেশ থেকে আসায় দীপিকা খুব মার্জিত ও নিয়মনিষ্ঠ ছিল। সব কিছুই খুব গুছিয়ে করত। চায়ের কাপটাও সেই কায়দাতেই তুলত।’
ক্লাসের একটি বিশেষ অনুশীলনের কথা উল্লেখ করে অনুপম বলেন, তিনি দীপিকাকে মেঝে ঝাঁট দেওয়া এক পরিচারিকার চরিত্রে অভিনয় করতে বলেছিলেন। কিন্তু সেখানেও দীপিকার ভঙ্গিতে বাড়তি চার্ম বা কমনীয়তা ধরা পড়ছিল। এরপর নিজের বাড়ির পরিচারিকাকে ক্লাসে ডেকে আনেন তিনি, যাতে বাস্তবে কীভাবে কাজটি করা হয় তা দীপিকা দেখতে পারেন।
এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘একদিন ক্লাস নেওয়ার সময় ওকে বললাম পরিচারিকার চরিত্রে অভিনয় করতে, যাকে শুধু মেঝে ঝাঁট দিতে হবে। ও সেটাও এক ধরনের চার্ম নিয়ে করছিল। কিন্তু পরিচারিকার যে আত্মবিশ্বাস সেটার অভাব ছিল।’
অনুশীলন সেখানেই থামেনি। অনুপম দীপিকাকে সাফ জানিয়ে দেন, যতক্ষণ না তার কাছে অভিনয়টা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, ততক্ষণ এই অনুশীলন চলবে। শুরুতে দীপিকা ভীষণ বিরক্ত ও হতাশ হয়ে পড়েন, প্রায় কেঁদেই ফেলার উপক্রম হয়। তবে শেষ পর্যন্ত অনুপমের প্রত্যাশামতোই কাজটি করতে সফল হন তিনি এবং পরে অনুপমকে ধন্যবাদও জানান।
অনুপম বলেন, অভিনয়ের জন্য নিরন্তর অনুশীলনের পাশাপাশি কাজের দুনিয়ায় ‘স্ট্রিট স্মার্ট’ হওয়াও জরুরি। এরপর ২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের এবং বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পায় ছবিটি।

