ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। তাকে বিমানবন্দরে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া ব্রুমা লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’
আগামী ২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী ছিলেন। ২০১৪ সালে তিনি ‘বিলিওনেরা’ গানটি প্রকাশ করে সাফল্য অর্জন করেন, গানটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তারপর থেকে ওটিলিয়াকে ‘বিলিওনেরা’ নামেও অভিহিত করা হয়। ২০১৪ সালের গ্রীষ্মে, বিলিওনেরা গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান এবং ভারতের রেডিওতে প্রচারিত হয় ও সেসব দেশে গানটি চার্টের এক নম্বরে পৌঁছায়।

