Logo
Logo
×

Advertisement

বিনোদন

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেছে বিখ্যাত শিল্পীদের দুর্লভ শিল্পকর্ম। সংগৃহীত ছবি

Advertisement

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেছে বিখ্যাত শিল্পীদের দুর্লভ শিল্পকর্ম। বলিউডের প্রযোজক ও পরিচালক ফারাহ খান তার বাড়ি ঘুরে এসে এ খবর জানিয়েছেন। তার মতে, এ সংগীতশিল্পীর বাড়ির কোথাও সাজানো আছে নামজাদা শিল্পীদের দুর্লভ স্মারক, কোথাও আবার পুরোনো সিনেমার পোস্টার। 

আদনান সামির মূল বসার ঘরের চারপাশ দিয়েই বাড়ির এক একটি অংশে চলে যাওয়া যায়। বসার ঘরের বিভিন্ন অংশ শুধু আড্ডা দেওয়ার জায়গা নয়, তাঁর সংগীতের প্রতি ভালোবাসার চিহ্নও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সেখানে। বসার ঘরেই রয়েছে মস্ত এক কালো পিয়ানো, যা ঘরের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে যেন। আর তার চারপাশের দেওয়ালে সাজানো রয়েছে পুরোনো দিনের সংগীতের অ্যালবাম, দুর্লভ ভিনাইল রেকর্ড এবং শিল্পীদের স্মারক। বাড়ির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সংগীতজগতের শিল্পীদের স্মারক সংগ্রহ। বিটলস, মাইকেল জ্যাকসন ও এলভিস প্রেসলির আসল ভিনাইল রেকর্ড রয়েছে তাঁর সংগ্রহে। বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছেন সেগুলি। তার মধ্যে একাধিক রেকর্ড আবার নিলাম থেকে কেনা। তাই এগুলি নিছক সাজানোর জিনিস নয়, বরং সংগীতের প্রতি আদনানের অনুরাগের নিদর্শন। এ ছাড়াও রয়েছে বেঠোফেনের বিখ্যাত ‘মুনলাইট সোনাটা’র মূল পাণ্ডুলিপির একটি মুদ্রিত প্রতিরূপ। শাস্ত্রীয় সংগীত থেকে আধুনিক জনপ্রিয় সংগীত— বিভিন্ন ধারার প্রতি তাঁর আগ্রহ এই সংগ্রহে স্পষ্ট। আদনানের এই মিউজ়িক গ্যালারি দেখে সংগ্রহশালার সঙ্গে তুলনা করেছেন ফারাহ।

দেওয়ালে বাঁধানো রয়েছে ভারতীয় সিনেমার কিছু স্মরণীয় ছবির সংগীতের প্রচ্ছদ এবং ফার্স্ট-প্রেস ভিনাইল রেকর্ডও। ‘মুঘল-এ-আজ়ম’, ‘শোলে’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘আলম আরা’র মতো ছবির সংগীতের স্মৃতিচিহ্ন তাঁর সংগ্রহে রয়েছে। এই সংগ্রহের মধ্য দিয়ে বোঝা যায়, ভারতীয় চলচ্চিত্রের সংগীত কীভাবে আদনানকে প্রভাবিত করেছে।

আদনানের বাড়িতে রয়েছে রূপার তৈরি নানা প্রাচীন সামগ্রী। তিনি নিজে এবং তার বাবা-মা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন এগেুলো। বাবা-মা কর্মসূত্রে বহু জায়গায় থেকেছেন বলে ছোটোবেলা থেকেই নানা দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার ছাপও রয়েছে বাড়ির সংগ্রহে।

বাড়িতে রয়েছে নিজস্ব প্রেক্ষাগৃহ। সেখানে দেওয়ালে সাজানো রয়েছে বিভিন্ন বিখ্যাত ছবির পোস্টার এবং ৩৫ মিলিমিটার ফিল্মের ফ্রেম। ‘দ্য গডফাদার’, ‘দ্য সাউন্ড অফ মিউজ়িক’, ‘লরেন্স অফ অ্যারাবিয়া’, ‘দিওয়ার’ এবং ‘ফিডলার অন দ্য রুফ’-এর মতো ছবির স্মারক বাড়ির এই অংশটিতে এনে দিয়েছে অন্য মাত্রা। হোম থিয়েটারের আরামদায়ক সোফা এবং মেঝে জুড়ে কুশন-বালিশ ভর্তি। সে সব কুশন কভারেও রয়েছে সংগীত এবং চলচ্চিত্রের চিহ্ন। এখানে রয়েছে ডলবি সাউন্ডসিস্টেমও। কেবল ব্যক্তিগত বিনোদনের জায়গা নয়, বরং চলচ্চিত্রের ইতিহাসের ছোট্ট প্রদর্শশালাও বলা যেতে পারে।

আদনানের বাড়িতে রয়েছে সংগীতের ঘর, কাজের জায়গা এবং গান রেকর্ড করার ব্যবস্থা। শব্দের প্রতিধ্বনি নিয়ন্ত্রণের উপযোগী করে তৈরি হয়েছে এই জায়গা। সাউন্ডপ্রুফও করা হয়েছে ঘরগুলো, যাতে কাজে কোনও সমস্যা না হয়। কাজের ঘরের ছাদও বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছে আলাদা কণ্ঠস্বর রেকর্ড করার ঘর।

স্টুডিয়োর নকশায় বিলাসিতার পাশাপাশি কাজের প্রয়োজনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জানলা দিয়ে মুম্বইয়ের দিগন্তবিস্তৃত আকাশ দেখা যায়, অথচ বাইরের দৃশ্যের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখেই ঘরের সাউন্ড সিস্টেমের দিকে নজর দেওয়া হয়েছে। অর্থাৎ, বাড়িটি শুধু অতিথি আপ্যায়নের জন্য নয়, সৃষ্টিশীল কাজের উপযোগী করেও সাজানো।

আদনানের পেন্টহাউসের বিশেষত্ব শুধু তার বিলাসিতা নয়। বাড়ির প্রতিটি অংশে তাঁর পেশা, ব্যক্তিগত পছন্দ, পারিবারিক ইতিহাস এবং শিল্পের প্রতি ভালোবাসার ছাপ রয়েছে। পুরোনো রেকর্ড, দুর্লভ স্মারক, সিনেমার পোস্টার বা নিজস্ব সংগীতের ঘর— সব মিলিয়ে বাড়িটি যেন তাঁর জীবনের নানা অধ্যায়ের সংকলন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

সংগীতশিল্পী আদনান সামির বিলাসবহুল বাড়িতে পাওয়া গেল দুর্লভ শিল্পকর্ম

মিমির এ কোন রূপ!

মিমির এ কোন রূপ!

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম