|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ বিরতির পর টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর প্রযোজনায় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রত্যাবর্তন ঘিরে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার পর্দায় এক মায়ের সন্তানকে বাঁচানোর লড়াই কতটা জমে ওঠে, সেটিই দেখার অপেক্ষা দর্শকদের।
দীর্ঘ ১২ বছর পর আবারও প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ এক লড়াকু নারীর চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে এসেছে সিনেমাটির পোস্টার। সেই প্রকাশিত পোস্টারে দেখা গেছে, চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর মাঝখানে নিজের কন্যাসন্তানকে বুকে আগলে দাঁড়িয়ে রয়েছেন মিমি চক্রবর্তী। তার শরীরজুড়ে রক্তের দাগ। সন্তানের নিরাপত্তায় মরিয়া এক মায়ের লড়াইয়ের ইঙ্গিত মিলেছে পোস্টারটিতে।
‘তাণ্ডব’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। পর্দায় তার নাম জয়ী। গল্পে জয়ীর চোখের সামনে একটি খুনের ঘটনা ঘটে। এরপর থেকেই বদলে যায় তার জীবনের গতিপথ। শুরু হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে নিজের সন্তানকে রক্ষা করতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় মিমি চক্রবর্তীকে।
কেন জয়ী ও তার সন্তানের ক্ষতি করতে চাইছে কেউ, কেনইবা এই লড়াইয়ে তার পাশে নেই গৌরব— এসব প্রশ্নের উত্তর মিলবে সিনেমার গল্পে। মিমির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়, ভিলেন চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত।
