|
ফলো করুন |
|
|---|---|
বাংলার 'ফাটাকেষ্ট' ও বলিউডের 'ডিস্কো ড্যান্সার'খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় জীবন ৫০ বছরের। বাংলা ও হিন্দি সিনেমায় তার অসামান্য সাফল্য আর খ্যাতির শীর্ষে রয়েছেন তিনি। বাংলা-হিন্দি ছাড়াও কাজ করেছেন অন্যান্য ভাষার সিনেমাতেও।
এর পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন এ বাংলার ফাটাকেষ্ট। এখন রাজনীতির ময়দান দাপিয়ে বেড়াচ্ছে তিনি। কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা।
মিঠুন চক্রবর্তী তার এই বর্ণাঢ্য অভিনয় জীবনে ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। ২০২৪ সালে পেয়েছেন 'পদ্মভূষণ'। ২০২২ সালে পেয়েছেন দেশটির সিনেমায় সর্বোচ্চ সম্মাননা 'দাদাসাহেব ফালকে' পুরস্কার। এবার আরও এক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ডি.লিট বা ডক্টর অব লেটারস বা ডক্টর অব লিটারেচার সম্মানটি।
এটি মূলত বিজ্ঞান, কলা ও সৃজনশীল শিল্পকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে। এটি উচ্চতর একাডেমিক উপাধি, যেটি পিএইচডির সমতুল্য। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন হবে আগামী ৯ ডিসেম্বর। সেদিনই এ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে। একই আয়োজনে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ডি. এসসি সম্মানে ভূষিত হবেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশিষ্ট তিনজনকে সম্মান জানানোর প্রস্তাবে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। সমাবর্তনের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
