‘রকস্টার’ মুক্তির প্রথম ৮ মাসেও পারিশ্রমিক পাননি অস্কারজয়ী সুরকার, কিন্তু কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ইমতিয়াজের ‘রকস্টার’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির প্রযোজক এ আর রহমানের গানগুলো পছন্দ করেননি এবং এ কারণে মুক্তির পর দীর্ঘ আট মাস তার পারিশ্রমিক আটকে রেখেছিলেন। শুধু তাই নয়, এই পুরো সময়টাতে পরিচালক ইমতিয়াজ আলীকে কিছু না জানিয়েই নিজের পকেট থেকে যন্ত্রশিল্পীদের পারিশ্রমিক এবং যাতায়াত খরচ বহন করেছিলেন রহমান।
সম্প্রতি দেরাদুন লিটারেচার ফেস্টিভ্যালে বক্তব্য রাখার সময় এ আর রহমান এই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, “পুরো ‘রকস্টার’ সিনেমার জন্য প্রযোজক আমাকে কোনো টাকা দেননি। তিনি বলেছিলেন, ‘আমার গানগুলো পছন্দ হয়নি’। ওই সময়টায় আমি নিজেই যন্ত্রশিল্পীদের পারিশ্রমিক এবং আমার যাতায়াতের খরচ চালিয়ে গিয়েছি। এমনকি ইমতিয়াজ আলীকেও আমি জানাইনি যে, এই সিনেমার জন্য আমি একটি পয়সাও পাইনি।’
এ আর রহমান আরও জানান, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ আট মাস পর অবশেষে তার পারিশ্রমিকের চেক হাতে পৌঁছায়।
‘রকস্টার’ তৈরির সময় রহমান ও ইমতিয়াজের মধ্যে যোগাযোগ নিয়েও একসময় বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরিচালক সুরকারের কাছ থেকে খবর পাওয়ার অপেক্ষায় ছিলেন। অন্য দিকে, রহমান দু’টি গান তৈরি করে ফেলেছিলেন এবং আরও তিনটি সংগীতের ভাবনা নিয়ে কাজ করেছিলেন, যদিও পরিচালকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল না।
ইমতিয়াজ়ের মনে প্রশ্ন জেগেছিল, রহমান কি নেহাতই ভদ্রতার খাতিরে ছবির প্রস্তাব ফেরাতে পারছেন না? সত্যিই কি তিনি ছবিতে কাজ করতে আগ্রহী নন? অথচ শিল্পী যে গান তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন, তা জানতেনই না পরিচালক।
দিল্লির হজরত নিজামুদ্দীন আউলিয়া দরগায় লোকেশন রেকির সময় অবশেষে নিজের প্রশ্নের উত্তর পান পরিচালক। এক সহকারী পরিচালক দরগার এক কর্মীর সঙ্গে কথা বলেছিলেন। সেই কর্মী জানান, রহমান ওই দৃশ্যের জন্য একটি গান তৈরি করছেন। এর ফলে পরিচালক নিশ্চিত হন, ছবির সংগীত নিয়ে কাজ করছেন রহমান।

